ঢাকায় বিরামহীন বৃষ্টিতে দুর্ভোগ

‘কয়দিন আগে গরমে পুড়ছি, আর অহন বৃষ্টিতে মরতাছি। রাস্তায় খালি পানি আর পানি। রিশকাই (রিকশা) চালাইতে পারতাছি না।’
বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুরের আল হেলাল হাসপাতালের সামনে সড়কে প্রায় হাঁটু পানির মধ্যে রিকশা নিয়ে এ কথা বলছিলেন চালক নূরু মিয়া। আজ ভোর থেকে রাজধানীতে টানা বৃষ্টিপাতে এ দুরবস্থা তাঁর।
সকালে মুষলধারে বৃষ্টি পড়েছে ঢাকায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৪ মিলিমিটার। পরবর্তী পাঁচ ঘণ্টায়, অর্থাত্ বেলা ১১টা পর্যন্ত বৃষ্টি হয়েছে আরও ৪০ মিলিমিটার।
সৃষ্টিজনিত যানজটের কারণে নূরু মিয়ার রিকশার সামনে-পিছনে শতাধিক গাড়ির আটকে ছিল। বৃষ্টির পানি মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে শুরু করে কাজীপাড়া পর্যন্ত সড়কে জমে গেছে।
প্রতিদিনের মতো যানবাহন না পাওয়ায় কর্মজীবী মানুষের অনেক ভিড় ছিল ওই এলাকার বাসস্ট্যান্ডগুলোতে। হাজারীবাগ থেকে গ্রিন রোড, শান্তিনগর থেকে মগবাজার আর বেইলি রোডসহ রাজধানীর প্রায় সব এলাকার রাস্তাজুড়ে জমে ছিল বৃষ্টির পানি। আটকে পড়া পানির স্রোত কর্মব্যস্ত নগরবাসীকে থমকে দিয়েছিল।

শহীদবাগের বাসিন্দা মাহবুব কায়সার বলেন, ‘সকাল সাড়ে আটটায় বাসের জন্য ঘণ্টা খানেক অপেক্ষা করে অটোরিকশায় উঠি। রাস্তায় এত পানি যে তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে কারওয়ান বাজারের অফিসে এসেছি দুই ঘণ্টা পর।’
পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত পশ্চিমা লঘুচাপটি সক্রিয় রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূলে অগ্রসর হয়েছে।
এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।