ঢাকায় বিশেষ দূত পাঠাচ্ছেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ঢাকায় বিশেষ দূত পাঠাচ্ছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি। পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য জানান।
পররাষ্ট্রসচিব বলেন, ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এ সময় রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি মূল্যায়নের জন্য বাংলাদেশে দূত পাঠাচ্ছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি।
রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত থাকা এবং বাংলাদেশের জলসীমায় একটি জেলে নৌকায় হামলা চালিয়ে চার বাংলাদেশিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
গত ৯ অক্টোবর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরুর পর বাংলাদেশে তাদের আসা অব্যাহত আছে। এ পর্যন্ত প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে নতুন করে এসেছে। গত আড়াই মাস এই সংকট অব্যাহত থাকলেও বাংলাদেশের সঙ্গে কোনো রকম আলোচনায় বসেনি মিয়ানমার। বিষয়টি নিয়ে সীমতি পরিসরে হলেও কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছেন সু চি। এমনকি এই প্রথমবারের মতো আসিয়ানের দু্ই প্রভাবশালী সদস্য মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে।