ঢাকায় ব্রিটিশ ভিসাকেন্দ্র ফের চালুর বিষয়ে সহায়তার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল সংসদ ভবনে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের লেবার পার্টির পার্লামেন্ট সদস্যরা l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল সংসদ ভবনে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের লেবার পার্টির পার্লামেন্ট সদস্যরা l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

ঢাকায় যুক্তরাজ্যের ভিসাকেন্দ্র পুনরায় চালু করার ব্যাপারে সহায়তা করার আশ্বাস দিয়েছেন সফররত তিন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য। দেশটির বিরোধী দল লেবার পার্টির ওই এমপিরা গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন। খবর ইউএনবির।
জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
‘লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ’ নামে লেবার পার্টির আট সদস্যের একটি দলের সদস্য হয়ে বাংলাদেশে এসেছেন ওই তিন এমপি। তাঁরা হলেন স্যার কির স্টারমার, স্টিফেন টিমস ও স্টিভ রিড। দলটি তাদের ‘মিলিত হও, শোনো এবং (বাংলাদেশের কাছ থেকে) শেখো’ বিষয়ক একটি কর্মসূচির অংশ হিসেবে এ সফরে এসেছে।
বৈঠককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বেশি বেশি ব্রিটিশ বিনিয়োগ প্রত্যাশা করেন। বিশেষ করে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে (এসইজেড) খাবার প্রক্রিয়াকরণ শিল্প প্রতিষ্ঠার ওপরে গুরুত্বারোপ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান। তিনি উল্লেখ করেন, বিভিন্ন নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ ও লেবার পার্টির মধ্যে মিল রয়েছে। বর্তমানে যুক্তরাজ্যে বিপুলসংখ্যক ব্রিটিশ বাংলাদেশি ও বাংলাদেশি প্রবাসীর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁরা দুই দেশের অর্থনীতির উন্নয়নেই ভূমিকা রেখে চলেছেন।
জলবায়ু পরিবর্তনের বিষয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশ জলবায়ু তহবিলের জন্য প্রচুর প্রতিশ্রুতি পেয়ে থাকে। কিন্তু বাস্তবে পায় খুব সামান্য অর্থই।’
বৈঠককালে তিন ব্রিটিশ এমপি বলেন, তাঁদের নির্বাচনী আসনগুলোতে বিপুলসংখ্যক বাংলাদেশি বাস করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপিদের প্রশংসা করেন তাঁরা। এই এমপিরা যুক্তরাজ্যেও খুবই সম্মানিত বলে উল্লেখ করেন তাঁরা।
বৈঠককালে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, সাংসদ ফারুক খান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।