ঢাকায় মোদি-মমতা 'নজিরবিহীন' বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল শনিবার সোনারগাঁও হোটেলে বৈঠক করেছেন। তবে ওই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। ভারতের দ্য হিন্দু পত্রিকার অনলাইনে এ বৈঠককে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করা হয়েছে।

গত শুক্রবার রাতে ঢাকায় আসেন মমতা। তিনি র‍্যাডিসন ব্লু গার্ডেন হোটেলে ওঠেন। গতকাল সকালে আসেন মোদি।

সোনারগাঁও হোটেলে গতকাল মোদি-মমতার বৈঠক হয়। ইউএনবি জানায়, বেলা সোয়া তিনটায় শুরু হয়ে ৩টা ৩৪ মিনিট পর্যন্ত ওই বৈঠক চলে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে একসঙ্গে বেরিয়ে যান মোদি ও মমতা। তাঁরা বৈঠকে আলোচনার বিষয় নিয়ে সাংবাদিকদের কিছু জানাননি। সাংবাদিকেরা কথা বলার চেষ্টা করলে শুধু ‘হ্যালো’ বলে এড়িয়ে যান।

ভারতের দ্য হিন্দুর অনলাইনে মোদির সফরসঙ্গী কর্মকর্তাদের বরাত দিয়ে মোদি-মমতার বৈঠককে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করা হয়। কারণ, ভারতের দুই নেতার এ বৈঠক হলো আরেকটি দেশে। ভারতের ওই কর্মকর্তারা আবার এ বৈঠকের একটি ব্যাখ্যা দেওয়ারও চেষ্টা করেছেন। কর্মকর্তারা বলেন, ঢাকা সফরে মোদি ও মমতা আলাদা হোটেলে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে তাঁর (শেখ হাসিনা) কার্যালয়ে মোদি ও মমতা আলাদাভাবে গেলে সেটা খারাপ দেখায়। তাই সোনারগাঁও হোটেল থেকে একসঙ্গে বেরিয়েছেন তাঁরা।

ফিরে গেছেন মমতা: সীমান্ত চুক্তির অনুসমর্থনের দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিতি ও বাংলাদেশ-ভারত শীর্ষ বৈঠকে অংশগ্রহণের পর গতকাল রাতে কলকাতায় ফিরে গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।