ঢাকায় শান্তিপূর্ণ, বাইরে 'প্রতিক্রিয়া' দেখাতে চায় জামায়াত
রাজধানী ঢাকায় ১৮-দলীয় জোটের সমাবেশে দলের কর্মী-সমর্থকদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করবে জামায়াতে ইসলামী। এতে কর্মী-সমর্থকদের ‘শান্তিপূর্ণ’ থাকতে বলা হয়েছে বলে দলীয় সূত্র জানায়। তবে ঢাকার বাইরে ‘পরিস্থিতি বুঝে প্রতিক্রিয়া’ দেখানোর পরিকল্পনা আছে দলটির।
জামায়াতের একাধিক দলীয় সূত্র জানায়, শেষ মুহূর্তে ১৮-দলীয় জোটকে রাজধানীতে সমাবেশের অনুমতি দেওয়া সরকারের রাজনৈতিক কৌশল বলে মনে করছে জামায়াত। দলটির নীতিনির্ধারকেরা মনে করছেন, ঢাকার বাইরে বিরোধী দলের বিক্ষোভ কর্মসূচির ভালো প্রস্তুতি টের পেয়ে সরকার ঢাকায় সমাবেশের অনুমতি দিয়েছে, যাতে ঢাকাকে সমাবেশের মাধ্যমে শান্ত রেখে ঢাকার বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এর আগে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের পরিকল্পনা ছিল ২৫ অক্টোবর রাজধানীসহ সারা দেশে তীব্র প্রতিক্রিয়া দোখানোর। তারা মনে করে, গতকাল ২৪ অক্টোবর সরকারের মেয়াদ শেষ হয়ে গেছে। আজ ২৫ অক্টোবর থেকে এ সরকারের কোনো বৈধতা নেই। এটা ধরে নিয়ে আজ রাজধানীর পাঁচটি এলাকাসহ সারা দেশের ৪৭টি জায়গায় অবস্থান নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। এতে এমন পরিস্থিতি তৈরির পরিকল্পনা করা হয়, যাতে সরকারি প্রশাসন ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে মানসিক চাপের সৃষ্টি হয়।
কিন্তু শেষ মুহূর্তে পুলিশ কিছু শর্তে রাজধানীতে ১৮-দলীয় জোটকে সমাবেশের অনুমতি দেওয়ায় সে পরিকল্পনায় আপাতত ছেদ পড়েছে। তা ছাড়া ঢাকার সমাবেশে জামায়াতকে শান্তিপূর্ণ থাকতে বিএনপির উচ্চপর্যায় থেকে ইতিমধ্যে বার্তা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়। এ পরিস্থিতিতে নিজেদের অবস্থান নিয়ে জামায়াতের ভেতরে কিছুটা দোদুল্যমানতার সৃষ্টি হয়েছে বলে দলীয় সূত্রগুলোর দাবি।
তবে জামায়াতের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, ১৮-দলীয় জোট ঢাকার বাইরে একাধিক মহানগর ও বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে। এ কর্মসূচিকে সামনে রেখে যেকোনো মূল্যে তারা রাস্তায় থাকার চেষ্টা করবে। এতে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের পক্ষ থেকে বাধা দিলে সংঘাতের সৃষ্টি হবে।
ওই সূত্র জানায়, এতে বাইরের পরিস্থিতির অবনতি হলে এর প্রভাব পড়বে রাজধানীর সমাবেশের ওপর। তাতে রাজধানীর পরিস্থিতি কতটা শান্তিপূর্ণ থাকে, তাই দেখার বিষয়। তবে এসব তথ্যের বিষয়ে জামায়াতের কোনো পর্যায়ের নেতা নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি।