ঢাকায় শীর্ষ ১৩ কূটনীতিকের ইউক্রেনের পতাকা হাতে সংহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় নিযুক্ত ১৩টি দেশের শীর্ষ কূটনীতিকেরা ইউক্রেনের পতাকা হাতে নিয়ে দেশটির প্রতি সংহতি প্রকাশ করেছেন।
ছবি: ফেসবুক

ঢাকায় নিযুক্ত ১৩টি দেশের শীর্ষ কূটনীতিকেরা ইউক্রেনের পতাকা হাতে নিয়ে দেশটির প্রতি সংহতি প্রকাশ করেছেন। বুধবার যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন তাঁর টুইটার অ্যাকাউন্টে ইউক্রেনের পতাকা হাতে কূটনীতিকদের একটি ছবি প্রকাশ করেন। একই ছবি যুক্তরাজ্য হাইকমিশনের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।

যুক্তরাজ্য হাইকমিশনের ফেসবুক পেজে রাষ্ট্রদূতদের হাতে ইউক্রেনের পতাকাসংবলিত ছবি প্রকাশ করে এর ক্যাপশনে লেখা হয়েছে, পৃথিবীর ১৪১ দেশ, যারা জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার অবৈধ ও উসকানিবিহীন আগ্রাসনের প্রতি নিন্দা জানিয়ে ভোট দিয়েছে এবং বাংলাদেশে অবস্থান করা ১৩টি দেশের রাষ্ট্রদূত ইউক্রেনকে সমর্থন করে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ হামলার জেরে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্বের দেশগুলো। এর পাশাপাশি ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধানের পথও খুঁজছে তারা। এ লক্ষ্যে ইউক্রেনসহ পশ্চিমা দেশের কূটনীতিকেরা একাধিকবার রুশ কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন।