ঢাকায় সার্কুলার ট্রেন চালুর প্রকল্প নেওয়া হয়েছে: রেলমন্ত্রী

ট্রেনে ছারপোকা থাকবে না এবং সেবা বাড়বে বলে আশ্বাস দিয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেছেন, পর্যায়ক্রমে সারা দেশের রেললাইন ডাবল করা হবে। কোচ, ইঞ্জিন ও লোকবলের যে সমস্যা আছে, আগামী এক বছরের মধ্যে তা দূর হবে।
গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘বাংলাদেশ রেলওয়ের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে রেলমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এই অনুষ্ঠানের আয়োজন করে।
মুজিবুল হক বলেন, যানজট নিরসনের জন্য বাংলাদেশ রেলওয়ে ঢাকা মহানগরে সার্কুলার ট্রেন চালুর একটি প্রকল্প নিয়েছে। প্রকল্পটি যাচাই-বাছাই করা হচ্ছে। অর্থপ্রাপ্তি সাপেক্ষে এই রেলপথ নির্মাণের কাজ শুরু হবে।
রেলমন্ত্রী বলেন, ‘ঢাকার গেন্ডারিয়া থেকে মাওয়া এবং জাজিরা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে। আমাদের লক্ষ্য পদ্মা সেতুতে যানবাহন চলাচলের প্রথম দিনেই ট্রেন চালু করা।’ রেলের সেবা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের সম্পদ সীমিত। আমরা সেই সম্পদ দিয়ে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। যাত্রীরা অভিযোগ করেন, ছারপোকা আছে, আসনগুলো খুব খারাপ, পাখা চলে না। সব সমস্যা সমাধানে উদ্যোগ নিচ্ছি। সব খারাপ আসন বদলে ফেলব। রেলে ছারপোকা থাকবে না।’
মন্ত্রী বলেন, আগামী জানুয়ারি থেকে ১২০টি ব্রডগেজ কোচ ও ১৫০টি মিটারগেজ কোচ দেশে আসতে শুরু করবে। ৭০টি ইঞ্জিন আনার ব্যাপারে দরপত্র হয়েছে। এখন তা যাচাই-বাছাই চলছে। তিনি বলেন, ঢাকা থেকে কুমিল্লা-লাকসাম হয়ে চট্টগ্রাম পর্যন্ত দ্রুতগামী ট্রেন চালুর জন্য এক্সপ্রেসওয়ে রেলপথ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডাবল লাইন নির্মাণের জন্য দরপত্র হয়েছে। এখন মূল্যায়ন চলছে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় রেলওয়ের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। রেলের উন্নয়নে ৩৫টি প্রকল্প নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তিন বছরে এসব প্রকল্পের কাজ শেষ হবে। তিনি বলেন, টঙ্গী থেকে ঢাকা পর্যন্ত তৃতীয় ও চতুর্থ লাইন, ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল লাইন এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন নির্মাণ করা হবে। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব রেলপথ ডাবল লাইনে উন্নীত করা হবে। তিনি বলেন, চলতি বছর বিএনপি-জামায়াত নাশকতা চালিয়ে রেলের অনেক ইঞ্জিন, বগি পুড়িয়েছে। এতে ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাবের সভাপতি কামারুজ্জামান। উপস্থিত ছিলেন ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন ও ডিআরইউ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মাহমুদুর রহমান।