ঢাকায় সিটি নির্বাচনে সীমানা জটিলতা কোনো সমস্যা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে গতকাল ‘ঢাকা সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন চাই’ শীর্ষক আলোচনায় বক্তব্য দেন বদিউল আলম মজুমদার। পাশে এম হাফিজউদ্দীন খানসহ অন্যরা l প্রথম আলো
জাতীয় প্রেসক্লাবে গতকাল ‘ঢাকা সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন চাই’ শীর্ষক আলোচনায় বক্তব্য দেন বদিউল আলম মজুমদার। পাশে এম হাফিজউদ্দীন খানসহ অন্যরা l প্রথম আলো

রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন, ঢাকার দুই (উত্তর ও দক্ষিণ) সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সীমানা জটিলতা কোনো সমস্যা নয়। এটিকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। সরকার আন্তরিক হলে আগামী তিন মাসের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠান সম্ভব।
সুশাসনের জন্য নাগরিক—সুজন ‘ঢাকা সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন চাই’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা হয়।
আলোচনায় মূল প্রবন্ধটি ছিল সুজনের নির্বাহী সদস্য স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের। তাঁর অনুপস্থিতিতে প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের দিলীপ সরকার। ওই প্রবন্ধে তোফায়েল আহমেদ বলেন, ঢাকার সিটি নির্বাচন নিয়ে সরকার বা অন্য কারও মাথাব্যথা আছে বলে মনে হয় না। অতীতের কিছু নির্বাচনের অভিজ্ঞতার কারণে সাধারণ মানুষও সম্ভবত ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়তে চান না। তিনি বলেন, সরকারদলীয় ব্যক্তিরা জেলা পরিষদের প্রশাসক হওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন। এই পদের মর্যাদা মন্ত্রীর সমমান করারও পক্ষে তাঁরা। কিন্তু কেউই নির্বাচন চাইছেন না।
তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ স্বল্প ও অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হতে পারে। কিন্তু এটা কোনোভাবেই পাকাপোক্ত ব্যবস্থা হতে পারে না। তিনি বলেন, ঢাকা সিটিসহ সব পর্যায়ের স্থানীয় সরকারে নির্বাচন চাইতে হবে। হয়তো এতে গণতন্ত্র বা সুশাসন নাও পাওয়া যেতে পারে। কিন্তু যে ব্যবস্থাটা আছে সেটা হারাতে দেওয়া যাবে না।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, সব বাধা অতিক্রম করে আগামী তিন মাসের মধ্যে এই নির্বাচন করা সম্ভব। এ জন্য সবাইকে সোচ্চার হতে হবে। বিরোধী দলগুলোকেও নির্বাচনের ব্যাপারে জোরালো ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, স্থানীয় সরকারের স্তরগুলোকে সুনির্দিষ্ট কাজ দিতে হবে। তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে কেন্দ্রের কাছে নেওয়া হলে এর সুফল মানুষ পাবে না।
আলোচনার সভাপতি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দীন খান বলেন, ঢাকা সিটি করপোরেশন কেন দুই ভাগ হলো, সেটা একটা রহস্য। এর মাধ্যমে কী সুফল আসবে তা কেউ বলছে না। প্রশাসক ছয় মাস পরপর পরিবর্তন হচ্ছে। ফলে তাঁরাও ঠিকমতো কাজ করতে পারছেন না। তিনিও নির্বাচন দেওয়ার দাবি জানান।
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রাষ্ট্র কার স্বার্থে স্থানীয় সরকারকে দুর্বল করতে চাইছে? কেন নির্বাচন দিচ্ছে না? তিনি বলেন, জেলা পরিষদ আইনে একটা শূন্যতা বিরাজ করছে। দ্রুত একটি কার্যকর আইন করে নির্বাচন দেওয়া দরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, সরকার ভয় পাচ্ছে ঢাকার সিটি করপোরেশনগুলোতে নির্বাচন দিতে। তারা নিশ্চিত নয় এই নির্বাচন দিলে আওয়ামী লীগের প্রার্থী জিতবেন কি না? সীমানা জটিলতা বা অন্য যেসব সমস্যা সামনে আনা হচ্ছে, তা নির্বাচন না করার অজুহাত ছাড়া কিছু নয়।
আমলাতন্ত্র নিয়ে বিতর্ক: মূল প্রবন্ধে তোফায়েল আহমেদ স্থানীয় সরকার বিশেষ করে জেলা পরিষদ কার্যকর না হওয়ার জন্য আমলাতন্ত্রকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, জেলা পরিষদ আমলাতন্ত্রের সুদূরপ্রসারী ষড়যন্ত্রের বলি হয়েছে। জেলায় কর্তৃত্ব রাখতে আমলাতন্ত্র এটা করেছে।
এই বক্তব্যের বিরোধিতা করেন সাবেক আমলা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, সরকারের সদিচ্ছা থাকলে আমলাতন্ত্র বাধা হয়ে দাঁড়ায় না বা তাদের কিছু করার থাকে না। তাঁর বক্তব্য সমর্থন করে সাবেক আমলা এম হাফিজউদ্দীন বলেন, দায়িত্ব পালনকালে তিনি স্থানীয় সরকারের কাঠামোতে সরকারের হস্তক্ষেপের সব সময় বিরোধিতা করে এসেছেন। আমলারা বাধা এটা সঠিক নয়।
আলোচনায় আরও অংশ নেন সাবেক বিচারপতি এবাদুল হক, এস এম আকরাম প্রমুখ।