ঢাকায় স্লোভেনিয়ার কনস্যুলেট অফিস
বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিসহ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ঢাকায় চালু হলো স্লোভেনিয়ার কনস্যুলেট অফিস।
গতকাল বৃহস্পতিবার প্রগতি সরণির পার্ল ট্রেড সেন্টারে নতুন এই কনস্যুলেট অফিসের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক দৃঢ়। ঢাকায় স্লোভেনিয়ার কনস্যুলেট অফিসের উদ্বোধনের মধ্য দিয়ে এই সম্পর্ক আরও জোরদার হবে।
মন্ত্রী আরও বলেন, ‘আমি মনে করি দুই দেশের বাণিজ্যের পরিমাণ আরও বাড়া উচিত। ঢাকায় কনস্যুলেট অফিস স্থাপনের উদ্যোগ এই বিষয়টিকেও এগিয়ে নিয়ে যাবে।’ একই সঙ্গে বাংলাদেশ থেকে স্লোভেনিয়ায় রপ্তানি বাণিজ্য বাড়াতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার জন্য সে দেশের সরকারের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ভারতের দিল্লিতে নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত যোসেফ ড্রফেনিক বলেন, প্রতিবছর দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১৮ শতাংশ হারে বাড়ছে। ২০১৫ সালে এর পরিমাণ ছিল ৩২ মিলিয়ন ইউরো।
রাষ্ট্রদূত আরও বলেন, এখান থেকে ঠিক ২০ বছর আগে বাংলাদেশের সঙ্গে স্লোভেনিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলেও দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক আরও পুরোনো। ঢাকায় কনস্যুলেট অফিস স্থাপনের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক একটা নতুন যুগে প্রবেশ করল বলেও মন্তব্য করেন এই রাষ্ট্রদূত।