ঢাকায় হকার, মহাসড়ক থেকে নসিমন-করিমন উচ্ছেদ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার ফুটপাত থেকে হকার উচ্ছেদে অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ঢাকার দুই সিটি করপোরেশন সমন্বয় করে পর্যায়ক্রমে হকার উচ্ছেদ করবে। মহাসড়ক থেকে নসিমন-করিমন-ভটভটি উচ্ছেদে জোরালো অভিযান চালানো হবে।
রাজধানীর রমনা রেস্তোরাঁয় গতকাল রোববার সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২২তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভাটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল।
কাউন্সিলের সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এলাকা চিহ্নিত করে পর্যায়ক্রমে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা হবে। তবে উচ্ছেদের আগে এক মাস সময় দেওয়া হবে।
সভায় নেওয়া সিদ্ধান্তগুলো পড়ে শোনান ওবায়দুল কাদের। সভায় সিদ্ধান্ত হয়েছে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রতি মাসের শেষ শনিবার পাঁচ মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী সমন্বয় সভা করবেন। এই মন্ত্রী-প্রতিমন্ত্রীরা হচ্ছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মুজিবুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান।
উল্লেখযোগ্য অন্য সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে মহাসড়কের বাঁক সম্প্রসারণে দ্রুত কাজ শুরু করা, রাজধানী থেকে অবৈধ রিকশা উচ্ছেদে অভিযান চালানো, তিন মাসের মধ্যে রাজধানীর যত্রতত্র বাস থামানো বন্ধ করা এবং ২০টি স্থানে বাস থামার স্থান ঠিক করে দেওয়া, এক মাসের মধ্যে ঢাকার সব সড়কে সংকেত ও সাইন নিশ্চিত করা, সড়ক নিরাপত্তা কাউন্সিলের বৈঠক তিন মাসের পরিবর্তে দুই মাস অন্তর বসা, নসিমন-করিমন-ভটভটি উচ্ছেদে জোরালো অভিযান চালানো।
নৌমন্ত্রী বলেন, মালিক-শ্রমিকদের দাবি-দাওয়া বাস্তবায়নে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটির বৈঠক দীর্ঘদিন হচ্ছে না। শ্রমিকেরা আন্দোলন শুরুর হুমকি দিচ্ছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শিগগির শ্রমিকদের নিয়ে তিনি বৈঠক করবেন। হাইওয়ে পুলিশকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।
সভায় ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ বলেন, ঢাকা মহানগরে যানবাহন ব্যবস্থাপনার কাজ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফুটপাতগুলো দখলমুক্ত করতে হবে। বিকল্প হিসেবে হকারদের হলিডে ও নাইট মার্কেটে স্থানান্তর করা হবে। এ জন্য কিছু স্থান চিহ্নিতও করা হয়েছে। প্রগতি সরণি থেকে রিকশা তুলে দেওয়া হবে।
কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, একে অপরকে দোষারোপ না করে যার যার অবস্থান থেকে অবদান রাখার চেষ্টা করতে হবে। সাংসদ তারানা হালিম বলেন, চালকদের লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া সহজ করতে হবে। তবে লাইসেন্স পাওয়ার যোগ্যতা ও দক্ষতার ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামছুল হক বলেন, সড়ক দুর্ঘটনা রোধে অতি দুর্ঘটনাপ্রবণ ‘ব্ল্যাক স্পট’ উন্নয়নে সময় বেঁধে দিতে হবে। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, মামলা না হলে সড়ক দুর্ঘটনার হিসাব রাখে না পুলিশ। ফলে প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না।
সভায় সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি ছাড়াও মালিক-শ্রমিকনেতারা বক্তব্য দেন।