ঢাকায় হরতালে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিনে গতকাল রোববার রাজধানী ঢাকায় প্রায় ১২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর হয়েছে বেশ কিছু যান। শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনেসহ নগরের বিভিন্ন স্থানে অসংখ্য ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।
হরতালের সমর্থনে বের হওয়া মিছিল থেকে ককটেল নিক্ষেপ, যানবাহনে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। রাজধানীতে হরতাল-সমর্থকদের সঙ্গে কয়েকটি স্থানে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হলেও কোনো বড় সংঘর্ষ হয়নি। পুলিশ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের কাছ থেকে ১৩ জনসহ ৪১ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ১১ জনকে ছয় মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, শেরেবাংলা স্টেডিয়ামের কাছ থেকে বিস্ফোরকসহ গ্রেপ্তার হওয়া ১৩ জন জামায়াত-শিবিরের কর্মী।
গতকাল নগরে যানবাহন চলাচল ছিল খুব কম। তিনটি আন্তজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। প্রধান প্রধান সড়কের পাশের অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ।
সড়কে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন ছিল। বিভিন্ন সড়কে নিরাপত্তা চৌকি বসিয়ে পুলিশ যানবাহনে তল্লাশি করে। থানাগুলোর সামনেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
বিআরটিসির ডিপোতে বাসে অগ্নিসংযোগ: সকাল ছয়টায় হরতাল শুরুর প্রায় পৌনে দুই ঘণ্টা আগে ভোর সোয়া চারটার দিকে গাবতলীতে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) ডিপোতে বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। দারুসসালাম থানার টহল পরিদর্শক গোলাম মর্তুজা বলেন, ডিপো থেকে ধোঁয়া বের হতে দেখে পুলিশের টহল দল ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। আগুনে দুটি দোতলা বাস সম্পূর্ণ ভস্মীভূত হয় ও চারটি বাস আংশিক পুড়ে যায়।
ডিপোতে একটি দোতলা বাসের চালক দেলোয়ার হোসেন দাবি করেন, রাতে ডিপোতে এক নিরাপত্তাকর্মী পাহারায় থাকেন। গত শনিবার রাতে ডিপোতে মিস্ত্রিরিরাও কাজ করছিলেন। সব মিলে ১০-১১ জন ছিলেন। হঠাৎ তাঁরা ধোঁয়া বের হতে দেখেন।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, তদন্তে জানা গেছে ঘটনার সময় ডিপোতে কোনো কর্মী ছিলেন না। রাত দেড়টা পর্যন্ত একজন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন শেষে চলে যান। এ সুযোগে পশ্চিম পাশের দেওয়াল টপকে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা কয়েক কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি ধ্বংস করে। অগ্নিসংযোগের ঘটনায় সাত-আটজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় আটক ডিপোর নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সকালে মিরপুর বেড়িবাঁধে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, সন্ধ্যা পর্যন্ত রাজধানী ও এর আশপাশে ১২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে সকাল আটটার দিকে দনিয়ার ফাহাদ টাওয়ারের সামনে বিশ্বরোডে একটি স্টাফ বাসে আগুন দেয় পিকেটাররা। তারা বেশ কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটায়। পুলিশ ধাওয়া করলে পরে তারা পালিয়ে যায়।
বিভিন্ন স্থানে ককটেল: সকাল সাতটার দিকে শ্যামলী মোড়ে তিন-চারটি ককটেল বিস্ফোরিত হয়। সকাল সাড়ে আটটায় শ্যামলী রিং রোডে হঠাৎ চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে পথ চলতি যানবাহনগুলো থেমে যায় এবং মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পুলিশ সেখানে আসার পর আবার সব স্বাভাবিক হয়।
পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় সকাল ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের হরতালের সমর্থনে মিছিলকে পুলিশ ধাওয়া করে। শিবিরের কর্মীরা সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। সকাল আটটার দিকে লক্ষ্মীবাজারে মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পুলিশের ধাওয়ায় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়। সকাল আটটার দিকে নয়াবাজারে একটি, ১০টার দিকে তাঁতীবাজার মোড়ে একটি, বেলা দুইটার দিকে সদরঘাট এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিবিরের একটি মিছিল লক্ষ্মীবাজার থেকে বাহাদুর শাহ পার্কের সামনে যাওয়ার সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়। শিবিরের কর্মীরা ১০টি ককটেল ফাটিয়ে পালিয়ে যান। এ সময় শিবিরের চার কর্মী আহত হন এবং দুজনকে আটক করে পুলিশ।
দোলাইরপাড়ে সকাল আটটার দিকে সেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশ ধাওয়া করলে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মিছিলকারীরা পালিয়ে যায়।
সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর মাজার রোডে হরতাল-সমর্থকেরা পুলিশের ওপর বোমা নিক্ষেপ করে। পুলিশ গুলি চালালে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া হয়।
সকাল নয়টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় ছাত্রদলের মিছিল থেকে তিন-চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। সাড়ে নয়টার দিকে আজিমপুরে দুটি ককটেল বিস্ফোরিত হয়। সেখানে তিন-চারটি গাড়ি ভাঙচুর করে হরতাল-সমর্থকেরা।
সকাল সাড়ে আটটার দিকে যাত্রাবাড়ীর ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। আগুনে কার্যালয়ের একাংশ পুড়ে যায়।
সকালে বাড্ডার নতুন বাজারে ছাত্রদলের মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। বেলা দুইটার দিকে জুরাইন রেলগেটে পাঁচ-ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
প্রায় একই সময় পল্টন মোড়ে দুটি এবং ফকিরাপুলে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। চারটার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় ককটেল বিস্ফোরিত হয়। রামপুরার উলন রোডে হরতালের সমর্থনে মিছিলের চেষ্টা পুলিশ পণ্ড করে দেয়।
দুপুরে কাকরাইলে বিচারপতিদের আবাসিক এলাকায় মো. সুমন (১৮) তাঁর প্যান্টের পকেটে রাখা ককটেলের বিস্ফোরণে তলপেটে ও হাতে জখম হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।
সকালে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে, রাতে উত্তরায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজের বাসার সামনে, রাত নয়টার দিকে আদাবরে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মির্জা জলিলের বাসার ফটকে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং নগরের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরিত হয়েছে।