ঢাকায় ৩০ ওয়ার্ডে আ.লীগের বিদ্রোহী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ন্যূনতম ৩০টি ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের একাধিক নেতা। এ সংখ্যা আরও বাড়তে পারে। ফলে এ নিয়ে বেশ অস্বস্তিতে আছে ক্ষমতাসীন দলটি। আগামী দু-এক দিন পর্যবেক্ষণের পর বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন দলের নেতারা।
তবে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের বক্তব্য, দলের সমর্থন না পেলেও তাঁরা লড়বেন। কারণ স্থানীয় সরকার নির্বাচন বলে তাঁদের এ সিদ্ধান্ত দলের বিপক্ষে অবস্থান নয় বলে তাঁরা মনে করেন।
বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে জানতে চাইলে উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ফারুক খান বলেন, ‘আওয়ামী লীগ কাউকে মনোনয়ন দেয়নি, সমর্থন দিয়েছে। তার পরও আমরা দু-এক দিন দেখব। যদি তাঁরা বিরত না হন তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ তবে আওয়ামী লীগের দুজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিদ্রোহী প্রার্থীদের নিয়ে তাঁরা বেশ অস্বস্তিতে আছেন।
গত বুধবার রাতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মোট ৯৩টির মধ্যে ৯১ ওয়ার্ডের সাধারণ আসন ও ৩১টি ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। দক্ষিণে সাধারণ আসন ৫৭টি ও সংরক্ষিত ১৯টি। উত্তরে এই সংখ্যা যথাক্রমে ৩৬ ও ১২।
ঢাকা দক্ষিণে বিদ্রোহী প্রার্থী যাঁরা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন ওই ওয়ার্ডে দলের সভাপতি মাসুদ হাসান শামীম। তবে সেখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা। ৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন ওই ওয়ার্ডের সভাপতি আশরাফুজ্জামান ফরিদ। তবে ওই এলাকায় প্রার্থী হয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইসমত তাকির (তাকি বাবু)। ৮ নম্বর ওয়ার্ডে দলীয় সমর্থন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান মিয়া। কিন্তু ওই আসনে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা আকরাম উজ্জামান, ফিরোজ আলম, মাজহারুল ইসলাম।
শাহজাহানপুর এলাকায় ১২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন গোলাম আশরাফ তালুকদার। ওই এলাকায় প্রার্থী হয়েছেন সংশ্লিষ্ট ওয়ার্ড সভাপতি সেকেন্দার আলী। ১৮ নং ওয়ার্ডে দলীয় সমর্থন পেয়েছেন জসীম উদ্দিন আহমেদ। কিন্তু প্রার্থী তালিকায় আছেন নিউ মার্কেট থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল খালেক।
১৯ ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন মুন্সি কামরুজ্জামান কাজলকে। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি রমনা-শাহবাগ থানার সভাপতি, আমি নির্বাচন করব না তো কে নির্বাচন করবে? ওই প্রার্থীকে (কাজল) মৌখিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করতে বলা হয়েছে। না করলে আমি কী করব? ’
২১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন এম এ হামিদ খান। তবে এই এলাকায় প্রার্থী হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক আসাদুজ্জামান আসাদ। দলীয় সমর্থন না পেয়েও প্রার্থী হওয়া প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, ‘আপনারা হয় তো জানেন সে অনুপ্রবেশকারী। আমার জান দিয়ে নির্বাচন করব, জয়ের জন্য চেষ্টা করব। সবাই আমার সঙ্গে আছে।’
২২ নম্বর ওয়ার্ডেও একক প্রার্থী দিতে না পারায় পাঁচজনকেই সমর্থন দেয় আওয়ামী লীগ। দলটির সমর্থিত প্রার্থীরা হলেন-ফ ক ম ইকবাল, আবদুল মোহাইমেন, মো. মনিরুল হক বাবু, হাজী তারিকুল ইসলাম সজীব ও মো. আবেদ আলী।
২৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন লালবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এই ওয়ার্ডে আরও প্রার্থী হয়েছেন লালবাগ থানা আওয়ামী লীগের সদস্য এম এ আকবর। প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ‘জনগণ পরিবর্তন চাই তাই তাঁরা আমাকে প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে।’ ওয়ার্ডে হাজী আলমগীর নামে আরেকজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
২৬ নম্বর ওয়ার্ডে দলীয় সমর্থন পেয়েছেন ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি। তবে হাইকোর্টের রায়ের পর প্রার্থিতা ফিরে পাওয়ায় ওই এলাকায় প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক হাসিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান হ‌ুমায়ূন।
২৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন মোহাম্মদ ইউনুস সুমন। তবে ওই এলাকায় প্রার্থী হয়েছেন লালবাগ থানা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইউনুছ ও যুগ্ম সাধারণ সম্পাদক কামালউদ্দিন বাবলু।
২৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন জাহাঙ্গীর আলম বাবুল। তবে ওই ওয়ার্ডে প্রার্থী তালিকায় আছেন আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম।
৩৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইলিয়াসুর রশিদ। তাঁকে চ্যালেঞ্জ করে নিজেদের প্রার্থিতা ঘোষণা দিয়েছেন ওয়ার্ড যুবলীগ নেতা আউয়াল হোসেন।
৩৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম মোস্তফাকে চ্যালেঞ্জ করে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু পরিষদের নেতা শরীফ হোসেন।
৩৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রঞ্জন বিশ্বাস। সেখানে প্রার্থী হয়েছেন ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন আকবর বাবলা।
৩৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান মিয়াজী। ওই ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী হয়েছেন কোতোয়ালি থানা যুবলীগ নেতা শফিকুল ইসলাম।
ঢাকা দক্ষিণে ৪২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন ইয়ার মোহাম্মদ ইয়ারু। একই ওয়ার্ড থেকে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ। এ প্রসঙ্গে ফয়সাল আহমেদ গতকাল সাংবাদিকদের বলেন, ‘ইয়ারু বিএনপি না আওয়ামী লীগ এটাই এলাকার মানুষ জানে না। আমি নির্বাচনে অংশ নেব।’
৪৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হয়েছেন সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো. সাহিদ। ওই আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার হোসেন।
বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের তালিকা আপনাদের পাঠিয়েছি। এর বাইরে অন্য কেউ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নন। কেউ দাবি করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
উত্তরের বিদ্রোহী প্রার্থী হবেন যাঁরা: ঢাকা উত্তর সিটি করপোরেশনেও আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী রয়েছে। এই সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন আফছার উদ্দিন খান। তবে দলের সেই সিদ্ধান্তকে মানতে রাজি নন এই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি ওয়ার্ডে দীর্ঘ দিন ধরে সভাপতি। একবার যখন নির্বাচন করতে চেয়েছিলাম তখন আওয়ামী লীগ নেতা কাদের মোল্লাকে দেওয়া হয়। বলা হয়েছিল, পরে আমাকে দেওয়া হয়। কিন্তু হয়নি। আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করব। কারও তদবিরের প্রার্থীকে কেউ মানে না।’
উত্তরের ৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন জামাল মোস্তফা। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন কাফরুল থানা আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান মাইকেল ও যুবলীগের নেতা সামছুদ্দিন শেখ।
৯ নম্বর ওয়ার্ডে লুৎফর রহমানের পরিবর্তে মুজিব সরোয়ারকে (মাসুম) দলের সমর্থন দেওয়া হয়েছে। উত্তরের ১১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন গাজী অলিউর রহমান (বাবুল)। তাঁর বিরুদ্ধে নির্বাচন করছেন আওয়ামী লীগ নেতা দেওয়ান আবদুল মান্নান। ওই ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মিয়া শাহজাহানও প্রতিদ্বন্দ্বিতা করবেন।
১২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন শিরিন রোখসানা। তাঁর বিরুদ্ধে নির্বাচন করবেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইকবাল হোসেন (তিতু)।
মোহাম্মদ ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘এলাকার জনগণ আমাকে চায়। আমি জনগণের জন্য রাজনীতি করি। আমি নির্বাচন করব।’
১৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আজমত দেওয়ান। ওই ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত সাবেক ওয়ার্ড কমিশনার সালেক মোল্লা নিজে লড়বেন। ২৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন ফয়সাল বাসার ফুয়াদ। তবে ওই ওয়ার্ডে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ।