ঢাকার অনুপ্রেরণায় কাল কলকাতায় মঙ্গল শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মতো মহাসমারোহে বাংলা নববর্ষ পালনের চল কলকাতায় নেই। তবে ঢাকার বাতাস এখন কলকাতাতেও লেগেছে। এবার কলকাতায় মঙ্গল শোভাযাত্রা বের হচ্ছে। তাই সাজ সাজ রব শহরজুড়ে। 
ঢাকার মঙ্গল শোভাযাত্রা লোকজ সংস্কৃতিচর্চা বিকাশকেন্দ্রের তত্ত্বাবধানে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে কলকাতার বাংলা নববর্ষ উদ্যাপন পরিষদ।
কলকাতায় অবশ্য পয়লা বৈশাখ পালন হবে বাংলাদেশের এক দিন পর, অর্থাৎ আগামীকাল ১৫ এপ্রিল। মঙ্গল শোভাযাত্রা বের হবে সকাল ৮টায় দক্ষিণ কলকাতার গাঙ্গুলিবাগান থেকে। শেষ হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এটির সূচনা করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার। আর এই শোভাযাত্রা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে তাকে স্বাগত জানাবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুরঞ্জন দাস।
মঙ্গল শোভাযাত্রা ঘিরে গাঙ্গুলিবাগান থেকে যাদবপুর বিশ্ববিদ্যলায় পর্যন্ত তিন কিলোমিটার পথজুড়ে থাকবে নানা আলপনা। থাকবে কাঠি নাচ, সাঁওতালি নাচ, রণপা নৃত্য, ছৌনৃত্য, পীরের গান, ঐতিহ্যের গান, লোকগীতি আর চলমান নাটক। মোটকথা জমজমাট থাকবে মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায় পা মেলাবেন কলকাতার বিশিষ্টজনেরা। থাকবেন চিত্রকর সমীর আইচ, হীরণ মিত্র, ধীরেন শাসমল, গৌরাঙ্গ বিশাইসহ আরও অনেকে। আসবেন চলচ্চিত্র তারকা আবীর চট্টোপাধ্যায়, পরান চট্টোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলি, বাদশা মৈত্র প্রমুখ।
মঙ্গল শোভাযাত্রায় থাকবে ঢাকার মতোই বিষ্ণুপুরের ঘোড়া, বাঁকুরার প্যাঁচা, সুন্দরবনের বাঘ, নানা ধরনের লোকজ মুখোশ।
শোভাযাত্রার আয়োজন সুন্দর করতে ঢাকা থেকে এসেছেন একদল শিল্পী। শিল্পী তরুণ ঘোষ, আমিনুল ইসলাম আশিক, শহীদ আহমেদ মিঠু, ওবায়দুল করিম রিক্ত, ঋভু আনন্দ, আরাফত হোসেন, সিলভিয়া নাজনীন দিনরাত খেটে তৈরি করছেন মুখোশসহ নানা লোকজ প্রতীক। কথা হলো তাঁদের সঙ্গে। তাঁরা বলেন, মঙ্গল শোভাযাত্রা দেশের গণ্ডির বাইরে ছড়িয়ে পড়ছে, এটা তাঁদের খুব ভালো লাগছে।
কলকাতার বাংলা নববর্ষ উদ্যাপন পরিষদের আহ্বায়ক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য অধ্যাপক সিদ্ধার্থ দত্ত প্রথম আলোকে বলেন, তিনি মনে করেন এই শোভাযাত্রা কলকাতার সংস্কৃতি অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে। 
যুগ্ম আহ্বায়ক অভিজিৎ চন্দ, অন্যতম কর্মকর্তা বুদ্ধদেব ঘোষ এবং সাংবাদিক শিবাশিস দত্ত বলেন, আগামীতে এই শোভাযাত্রা ছড়িয়ে দেওয়া হবে গোটা রাজ্যের ২৩ জেলায়।
এবার কলকাতার এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিচ্ছে কলকাতার বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন। এদের মধ্যে রয়েছে সংস্কৃতি সংহতি, অশনি নাট্যম, গড়িয়া সুচর্চা, সৃষ্টি, নাট্যভূমি, দোতারা, যাদবপুর অভিযান, নাট্যমন্দির, বঙ্গনাট্য সমাজ, রঙ্গমুখ, ছায়াবীথি, আবোলতাবোল, নৃত্য রূপজ কলাকেন্দ্র, ব্যঞ্জন বর্ণ, শতধারা, কোমল গান্ধার, মাতৃভাষা, দোতারিয়ান, মাটির গান, অন্য আমরা ইত্যাদি। শোভাযাত্রা শেষে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হবে দুই বাংলার শিল্পীদের নিয়ে নববর্ষের অনুষ্ঠান।