ঢাকার অর্ধেক এলাকায় সিসি ক্যামেরা থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল হক
আনিসুল হক

আগামী ছয় মাসের মধ্যে রাজধানীর অর্ধেক এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। সেই সঙ্গে যানজট নিরসন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রায় দুই শ বাস কোম্পানিকে পাঁচটি কোম্পানির আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
গতকাল সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সুইডেন দূতাবাস ও বিজনেস সুইডেন আয়োজিত এক সেমিনারে আনিসুল হক এসব কথা বলেন।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকাকে কীভাবে সুন্দর ও আধুনিক শহরে রূপ দেওয়া যায়, তার কিছু সুপারিশ ও বিশ্বের অন্যান্য শহরের আলোকে এ-বিষয়ক উদাহরণ তুলে ধরতে এই সেমিনারের আয়োজন করা হয়। বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল দিনব্যাপী এ সেমিনারটি সঞ্চালনা করেন। এতে সুইডেনভিত্তিক যোগাযোগ ও গাড়িনির্মাতা প্রতিষ্ঠানসহ বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে নানা সুপারিশ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে মেয়র আনিসুল হক বলেন, উন্নয়নের ক্ষেত্রে অর্থ কোনো বড় সমস্যা নয়। সমস্যা হচ্ছে পরিকল্পনা ও বাস্তবায়ন জটিলতা। কয়েক দশক ধরে ঢাকা শহরের পরিবহন ব্যবসা নিয়ন্ত্রণ করছে প্রভাবশালী ব্যক্তিরা। এখন এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯০টি বাস কোম্পানিকে পাঁচটি কোম্পানির আওতায় নিয়ে আসার বিষয়ে পরিবহন মালিক ও এ খাতের সংশ্লিষ্ট সবাই একমত হয়েছেন। তবে এ কাজটি বেশ সময়সাপেক্ষ। কারণ, পরিবহন খাতের সঙ্গে অনেকগুলো পক্ষ ও বিষয় জড়িত রয়েছে। সবগুলোর সমন্বয় করেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সিটি করপোরেশন। এ জন্য এরই মধ্যে একজন পরামর্শকও নিয়োগ করা হয়েছে।
অনুষ্ঠানে সুইডেনভিত্তিক টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠান এরিকসনের পক্ষ থেকে রাজধানীর যানজট পরিস্থিতির উন্নয়নে তথ্যপ্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপস্থাপিত এক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বলা হয়, যানজটের কারণে ঢাকা শহরে প্রতিদিন একজন মানুষের গড়ে ১ ঘণ্টা ৫০ মিনিট সময় নষ্ট হয়। আর প্রতিবছর যানজটে পরিবহন খাতে জ্বালানি খরচ বাবদ ১২ হাজার কোটি টাকা অপচয় হয়।
সেমিনারের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুসারে ২০৩০ সালের মধ্যে দেশের শহরগুলোকে আধুনিক ও সবার জন্য নিরাপদ করে তোলার ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। এ ব্যাপারে সুইডেনকে আমরা আমাদের সহযোগী হিসেবে দেখতে চাই।’
সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল তাঁর বক্তব্যে বলেন, নগর উন্নয়নের ক্ষেত্রে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, কার্যকর গণপরিবহন ব্যবস্থা, বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি ও যানজট নিয়ন্ত্রণের মতো নানা চ্যালেঞ্জিং বিষয় রয়েছে। এসব ক্ষেত্রে সুইডিশ কোম্পানিগুলোর কৌশল, তাদের ব্যবস্থাপনা ও উৎপাদিত পণ্য বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।