ঢাকার অর্ধেক বর্জ্যে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ​, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, রাজধানীতে প্রতিদিন যে পরিমাণ বর্জ্য উৎপাদিত হয়, তার অর্ধেক দিয়ে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য বজলুল হক হারুণের প্রশ্নের জবাবে নসরুল হামিদ এ কথা বলেন। এ ছাড়া সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রি-পেইড মিটার, গ্যাসক্ষেত্রের উৎপাদন, সরকারি মিলের সংখ্যা ও জুতার ঘাটতিসহ বিভিন্ন বিষয় ওঠে আসে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

নসরুল হামিদ বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দৈনিক উৎপাদিত বর্জ্যের পরিমাণ প্রায় ৬-৭ হাজার মেট্রিক টন। উৎপাদিত এই বর্জ্যের মাত্র অর্ধেক (তিন হাজার থেকে সাড়ে তিন হাজার মেট্রিক টন) বর্জ্য স্তূপীকৃত এলাকা বা ডাম্পিং সাইটে পাওয়া যায়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই পরিমাণ বর্জ্যকে ব্যবস্থাপনার পাশাপাশি তা দিয়ে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

প্রতিমন্ত্রী বলেন, সুষ্ঠু পরিবেশসম্মত নগর গড়ে তোলার পাশাপাশি বিজ্ঞানভিত্তিক পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে বর্জ্য থেকে বিদ্যুৎ ও এনার্জি উৎপাদন করা যায়, তা নিয়ে সরকার ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। ঢাকার অদূরে কেরানীগঞ্জে বর্জ্য বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে এক মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। এর কার্যক্রম চলমান রয়েছে। এ প্রকল্পে দৈনিক নির্দিষ্ট পরিমাণ বর্জ্য সরবরাহের লক্ষ্যে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি চুক্তি সই হয়েছে। প্রকল্পের কাজ শুরু হওয়ার পর থেকে ১৮ মাসের মধ্যে প্রকল্পের সব কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

প্রিপ্রেইড গ্যাস মিটারে সাশ্রয়

আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, একটি পাইলট প্রকল্পের আওতায় রাজধানীর মোহাম্মদপুর, লালমাটিয়া এলাকায় ৪ হাজার ৫০০ আবাসিক প্রি-প্রেইড মিটার স্থাপন করা হয়েছে। জরিপে প্রকল্পের ফলাফল সন্তোষজনক। গ্রাহকদের দায়িত্বপূর্ণ ব্যবহারের কারণে প্রতিটি ডাবল বার্নার চুলায় গড়ে ৩৩ ঘনমিটার গ্যাস সাশ্রয় হতে দেখা যায়। এডিবির অর্থায়নে ৮ হাজার ৬০০টি আবাসিক প্রি-প্রেইড মিটার স্থাপন করা হয়েছে। জাপান সরকারের ৩৫তম ওডিএ লোন প্যাকেজের আওতায় টিজিটিডিসিএল কর্তৃক দু্ই লাখ আবাসিক প্রি-প্রেইড মিটার স্থাপন প্রকল্প আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে। এ ছাড়া আগামী জুনের মধ্যে চট্টগ্রাম এলাকায় ৬০ হাজার প্রিপ্রেইড মিটার স্থাপন করা হবে।

২৬ গ্যাসক্ষেত্রের মধ্যে উৎপাদনে আছে ২০টি

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ পিনু খানের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, দেশে এখন পর্যন্ত ২৬টি গ্যাসক্ষেত্র, পাঁচটি কয়লাক্ষেত্র, একটি কঠিন শিলাক্ষেত্র, একটি চুনাপাথর ক্ষেত্র ও কয়েকটি পিট ডিপোজিট আবিষ্কৃত হয়েছে। ২৬টি গ্যাসক্ষেত্রের মধ্যে ২০টির উৎপাদন চলমান আছে। চারটির উৎপাদন বন্ধ হয়ে গেছে এবং দুটি ক্ষেত্র উৎপাদনে যায়নি।

সরকারি মিল–কারখানা ৪৫টি

সরকারি দলের এম এ মালেকের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ৪৫টি মিল কারখানা আছে। এর মধ্যে চালু আছে ৩৬টি, নয়টি বন্ধ অবস্থায় আছে।

সরকারি দলের আজি আজমের প্রশ্নের জবাবে আমির হোসেন আমু বলেন, দেশে এখন চিনির বার্ষিক চাহিদা ১৫ লাখ মেট্রিক টন। বাংলাদশে চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের ১৫টি চিনিকলে কমবেশি এক লাখ থেকে দেড় লাখ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়। চাহিদার অবশিষ্ট চিনি বেসরকারি সুগার রিফাইনারি কর্তৃক আমদানি করা র-সুগার থেকে উৎপাদিত রিফাইনড চিনি ও সাদা চিনি দিয়ে পূরণ করা হয়।

৫ কোটি জোড়া জুতার ঘাটতি

সরকারি দলের এম এ লতিফের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, পাদুকা প্রস্তুতকারী সমিতির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেশে সব ধরনের বার্ষিক চাহিদা ২৫ কোটি জোড়া। উৎপাদিত হচ্ছে ২০ কোটি জোড়া। চাহিদা ও উৎপাদনের পার্থক্য হলো পাঁচ কোটি জোড়া।