ঢাকার আকাশ মেঘমুক্ত চট্টগ্রাম-বরিশালে আজও বৃষ্টি হতে পারে
বৃষ্টি যা হওয়ার আগের রাতেই হয়ে গেছে। তবু গতকাল সকালে রাজধানীর আকাশে পাতলা মেঘের আনাগোনা ছিল। দুপুর গড়াতে আকাশ আরও কিছুটা পরিষ্কার হয়। সারা দিনে রাজধানীতে বৃষ্টি হয়নি। তবে দেশের অনেক স্থানেই গত তিন দিনের ধারাবাহিকতায় গতকালও ভারী বৃষ্টি হয়েছে।আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ ও বিহারে অবস্থানরত লঘুচাপটি এখনো আগের জায়গাতেই আছে। গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে আজ রোববারও চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান প্রথম আলোকে বলেন, ঢাকার আকাশ থেকে মেঘ সরে যেতে শুরু করেছে। তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এখনো যথেষ্ট মেঘ আছে। তাই ওই অঞ্চলে আজও বৃষ্টি হতে পারে। আগামী মাসের শুরুতে যদি মৌসুমি বায়ু বাংলাদেশ উপকূলে প্রবেশ করে, তাহলে আবারও বৃষ্টি হবে।রাজধানী ও এর আশপাশের এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশের মেঘ আরও কাটবে। ঝলমলে রোদও দেখা যেতে পারে। এতে বাড়তে পারে দিনের তাপমাত্রাও। তবে রাজধানীর কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সারা দেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুতুবদিয়ায়, ১৫৬ মিলিমিটার। এ ছাড়া কক্সবাজারে ৬৩, বরিশালে ৫১ ও ভোলায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। অন্য অনেক স্থানেও কম-বেশি বৃষ্টি হয়েছে।