ঢাকার আগারগাঁওয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর
আগামী বছরই উদ্বোধন করা হবে মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবনের। রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের পেছনে প্রায় এক একর জমির ওপরে নির্মাণাধীন এই ভবনে মাটির নিচে তিনটি এবং ওপরে থাকছে পাঁচটি তলা।
আজ শুক্রবার ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের নবনির্মিত এই ভবনে আয়োজন করা প্রীতি সমাবেশে এসব তথ্য জানানো হয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরী ১৯৯৬ সালে শুরু হওয়া মুক্তিযুদ্ধ জাদুঘরের বিভিন্ন সময়ের তথ্য জানিয়ে উপস্থাপন করেন একটি তথ্যচিত্র।
মুক্তিযুদ্ধ জাদুঘরে মাটির ওপরের তিনটি তলার কাজ প্রায় শেষ পর্যায়ে। শত কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান এই ভবনের জন্যে এর মধ্যে সংগ্রহ করা হয়েছে ৬১ কোটি ৯৪ লাখ ৪৫ হাজার ৫২২ টাকা। ভবন নির্মাণে এখন পর্যন্ত অনুদান দিয়েছেন মোট ৪৩৩ জন।
প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আলী যাকের, সারা যাকের, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের উপদেষ্টা নুরুল ফজল বুলবুল, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রমুখ।
সমাবেশে নৃত্য পরিবেশন করে গানের দল স্পন্দন, বাউল গান পরিবেশন করেন সোনিয়া ও তাঁর দল।