ঢাকার আদালত এলাকায় ককটেল হামলায় আতঙ্ক
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা তিন দিনের হরতালের প্রথম দুই দিনই ঢাকার আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ ও পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন বিচারক-আইনজীবী এবং বিচারপ্রার্থীরা।
গতকাল সোমবার ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এলাকায় দুটি, ডিসি বিল্ডিংয়ে একটি এবং সিএমএম আদালতের সামনে একটি ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এর আগে রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের সংরক্ষিত নথি শাখায় পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। জেলা আদালতের পুরাতন ভবনের পেছনের রাস্তায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
প্রত্যক্ষদর্শী আইনজীবী মাহবুব আলী বলেন, পুলিশ কিছু বুঝে ওঠার আগেই একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে এক ব্যক্তি সিএমএম আদালতের প্রবেশপথে ককটেল ছুড়ে পালিয়ে যায়।
আদালত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল সিএমএম বিকাশ কুমার সাহা ঢাকা আইনজীবী সমিতি এবং বিএনপিপন্থী আইনজীবী নেতাদের সঙ্গে তাঁর কার্যালয়ের সভাকক্ষে বৈঠক করেন। তিনি ওই বৈঠকে আইনজীবী নেতাদের সঙ্গে আলোচনা করে আদালত এলাকায় প্রবেশপথে আইনজীবী ও সাধারণ নাগরিকদের তল্লাশি করার সিদ্ধান্ত নেন। আইনজীবী নেতারা তাতে সম্মতি জানান।
তবে এতে কেউ যেন হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ্য রাখার কথা বলেন। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি কাজী নজিবুল্লাহ ও সাধারণ সম্পাদক মিয়া খোরশেদ আলম, আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার বৈঠকে উপস্থিত ছিলেন।
পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশনের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান বলেন, আদালত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালতের প্রতিটি প্রবেশপথসহ বিচারকদের চলাচলের পথসহ বিভিন্ন স্থানে গোপন ক্যামেরা স্থাপন করা হয়েছে।