ঢাকার আদালতপাড়ায় নিরাপত্তা বাড়ানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে রেস্তোরাঁয় ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর ঢাকার আদালতপাড়ায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। আদালত প্রাঙ্গণে প্রবেশের পথে বসানো দুটি আর্চওয়ের সামনে তল্লাশি করে আইনজীবী ও বিচারপ্রার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে।

আদালত প্রাঙ্গণে প্রবেশের প্রধান ফটকগুলোতে আরও চারটি আর্চওয়ে বসানোর জন্য পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশন বিভাগ থেকে পুলিশ সদর দপ্তরে আবেদন করা হয়েছে। এদিকে আইনজীবীরা গোয়েন্দা তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন।

পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশন বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। পুলিশের লালবাগের উপকমিশনারকে (ডিসি) আদালত এলাকায় নিরাপত্তা বাড়ানোর বিষয়টি অবহিত করা হয়েছে। গতকাল সোমবার নিরাপত্তার কথা চিন্তা করে আরও চারটি আর্চওয়ে বসানোর জন্য পুলিশ সদর দপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

ঈদের টানা নয় দিনের ছুটি শেষে গত রোববার আদালত খোলার পর আইনজীবীরা নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। এই ছুটির মধ্যেই গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। গতকাল প্রথম আলোতে ‘আদালতপাড়ার নিরাপত্তা নিয়ে আইনজীবীদের শঙ্কা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গতকাল পুলিশ প্রশাসন থেকে আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের প্রবেশপথে বসানো দুটি আর্চওয়ের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা আইনজীবী ও বিচারপ্রার্থীদের দেহ তল্লাশি করে ঢুকতে দিয়েছেন।

আইনজীবী নেতা ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী নজিবুল্লাহ বলেন, রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা হয়েছে। তাই আদালত এলাকায় নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বাড়ানো উচিত। তিনি বলেন, ‘জঙ্গিগোষ্ঠী কোথায়, কী অবস্থানে আছে, তা আমাদের কারোরই জানা নেই। আদালত এলাকার আশপাশে বাণিজ্যিক, আবাসিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি গোয়েন্দা তৎপরতা বাড়ানো উচিত।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বলেন, নিরাপত্তার বিষয়টি নিয়ে তাঁরা বিচারক, আইনজীবী নেতাদের সঙ্গে কথা বলেছেন। আদালত এলাকায় টহল পুলিশের পাশাপাশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।

গতকাল আদালত প্রাঙ্গণে ঢোকার আগে দেহ তল্লাশি করা নিয়ে কোনো কোনো আইনজীবী ও বিচারপ্রার্থীদের সঙ্গে পুলিশ সদস্যদের তর্কবিতর্কও হয়েছে।