ঢাকার আদালতে অন্ধ আইনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলাল হোসেন
বেলাল হোসেন

বিচারালয়ের চিরাচরিত ধারণায় বিচারককে হতে হয় অন্ধ। নিরপেক্ষ দৃষ্টিতে বিচার পরিচালনার জন্যই এই ধারণা। তবে ঢাকার আদালতপাড়ায় দীর্ঘদিন ধরে আইনচর্চা করে যাচ্ছেন একজন অন্ধ আইনজীবী। তাঁর নাম বেলাল হোসেন।
আইন বিষয়ে লেখাপড়া শেষ করে আইন পেশার চর্চা শুরু করে দুই বছরের মাথায় সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারান বেলাল হোসেন। তাতে থেমে যায়নি তাঁর ওকালতি। মক্কেলের জন্য মামলা লড়ে যাচ্ছেন সমানতালে। তাঁকে সাহায্য করছে তঁার ১৫ বছর বয়সী ভাগনে ওমর ফারুক।
বেলাল হোসেনকে অনেক দিন ধরে দেখছেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সাইদুর রহমান। তিনি বললেন, পেশাগত উৎকর্ষ দেখাতে পারছেন বলেই এই অন্ধ আইনজীবীর কাছে নিয়মিত মক্কেলেরা আসেন। মামলার কাজে ব্যস্ত থাকতে হয় তাঁকে। আদালতপাড়ায় তাঁর অনেক সুনামও রয়েছে।
আদালতপাড়ায় ‘অন্ধ উকিল’ নামে বেশি পরিচিত এই আইনজীবীর হাতে এ মুহূর্তে ১০০ মামলা আছে। প্রথম আলোকে তিনি বলেন, ২২ বছর আগে গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে বেড়াতে গেলে সেখানে দুষ্কৃতকারীদের হামলায় তিনি দৃষ্টি হারান। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনের সাজা হয়।
বেলাল হোসেন বলেন, তাঁর স্কুলপড়ুয়া ভাগনে ওমর ফারুক মামলার কাজে তাঁকে সহায়তা করে। মক্কেলেরা প্রথমে ফারুকের সঙ্গে কথা বলেন। ফারুক তাঁকে মামলার কাগজপত্র পড়ে শোনায়। তারপর তিনি মক্কেলদের কথা শোনেন। আঁটিবাজারের বাসা থেকে ভাগনেই তাঁকে প্রতিদিন আদালতে নিয়ে আসে এবং সঙ্গে করে নিয়ে যায়।
বেলাল হোসেন বলেন, তাঁর মক্কেলেরা অধিকাংশই গরিব। মামলার হাজিরা থাকলে মক্কেলেরা ২০০ টাকা দিয়ে চলে যান। একাত্তরে মুক্তিযুদ্ধ করেছিলেন। মুক্তিযোদ্ধা ভাতা বাবদ প্রতি মাসে আট হাজার টাকা পান। এ দিয়েই সংসার চলে যায় তাঁর। ফি কম বেশি নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই।
বেলাল হোসেন বলেন, মানুষকে আইনি সহায়তা দিতে পারাটাই তাঁর আনন্দ।