ঢাকার আদালতে মামলা নিষ্পত্তির হার বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মুখ্য মহানগর হাকিম ও মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা নিষ্পত্তির হার বেড়েছে।

ঢাকার মুখ্য বিচারিক হাকিম (সিএমএম) আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, গত দুই বছরে ৪ লাখের বেশি মামলার নিষ্পত্তি হয়েছে। ২০১৫ সালে ১ লাখ ৩৭ হাজার ১৪৫টি, ২০১৬ সালে ১ লাখ ৬৮ হাজার ৮৩৬টি, চলতি বছরের জুলাই পর্যন্ত ১ লাখ ৩৭ হাজার মামলা নিষ্পত্তি হয়েছে। বর্তমানে ২ লাখ ৫ হাজার ৫২৫টি মামলা বিচারাধীন।

২০১৫ সালের ৬ আগস্ট বর্তমান মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান দায়িত্ব নেন। তখন বিচারাধীন মামলা ছিল ৩ লাখ ৩ হাজার ৪১৮টি। ২০১৪ থেকে ২০১৫ সালের ৫ আগস্ট পর্যন্ত আগের মুখ্য মহানগর হাকিমের সময় ১ লাখ ১ হাজার ৪৪৫টি মামলার নিষ্পত্তি হয়েছিল।

মামলা নিষ্পত্তির হার বাড়ায় আইনজীবীরাও সন্তোষ প্রকাশ করেছেন। তবে বিভিন্নঅবকাঠামোগত সুবিধার তেমন উন্নতি না হওয়ায় তাঁরা অসন্তুষ্ট।

আইনজীবী এফ এম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ঢাকার আদালতে বিচার নিষ্পত্তির হার বেড়েছে। কিন্তু আদালত এলাকায় অবকাঠামোগত তেমন উন্নতি হয়নি। বৃষ্টির দিনে আদালত এলাকার রাস্তায় চলাচল করা যায় না। আদালত ভবনে পর্যাপ্ত লিফট না থাকায় সমস্যায় পড়তে হয় তাঁদের। যে লিফটগুলো আছে, সেগুলোর কার্যক্ষমতা কমে গেছে।

সিএমএম আদালতের নাজির নাজমুল আহসান প্রথম আলোকে বলেন, বিচারপ্রার্থীদের সেবাদান নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ জন্য ডিজিটাল হাজিরা যন্ত্র বসানো হয়েছে। ঢেলে সাজানো হয়েছে অনুলিপি শাখা। তবে পর্যাপ্ত জায়গা না থাকায় মালখানায় নতুন আলামত সংরক্ষণ করতে সমস্যা হচ্ছে। তিনি আরও জানান, বর্তমান সিএমএম শেখ হাফিজুর রহমানের নির্দেশে হাজতখানায় নিরাপদ পানি সরবরাহ, শিশুদের মাতৃদুগ্ধপান কক্ষ নির্মাণ এবং আসামিদের পরিচ্ছন্ন শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, গত দুই বছরে মামলার নিষ্পত্তির পাশাপাশি মামলা দায়েরের সংখ্যাও বেড়েছে। গত দুই বছরে মুখ্য মহানগর হাকিম আদালতে ৩ লাখ ৪৫ হাজার মামলা হয়েছে।

এদিকে ২০১৬ সালের ২২ মার্চ ঢাকার মুখ্য বিচারিক হাকিম হিসেবে দায়িত্ব নেন জেসমিন আরা বেগম।

জেলা পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার নিষ্পত্তির হার আগের তুলনায় বেড়েছে। গত বছর বিচারাধীন মামলা ছিল ৯ হাজার ১৫৬টি। বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা ৭ হাজার ২১৩। তিনি আরও জানান, গত জুলাইয়ে এই আদালতে ৩৩১টি মামলা নিষ্পত্তি হয়েছে।