
নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার জন্য ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারের পাঠানো একটি আবেদনপত্র নূর হোসেনের মামলার সঙ্গে নথিভুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার সদর বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালত গতকাল সোমবার আবেদনটি নথিভুক্ত করেন৷
বারাসাত আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বিকাশ রঞ্জন দে প্রথম আলোকে জানান, নূর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার জন্য ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারের পাঠানো আবেদনপত্র আজই (সোমবার) এই মামলায় নথিভুক্ত হয়।
এদিকে আট দিনের রিমান্ড শেষে নূর হোসেন ও তাঁর দুই সঙ্গীকে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে৷ এ সময় নূর হোসেন সাংবাদিকদের কাছে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার৷
নূর হোসেন ও তাঁর দুই সঙ্গীকে বেলা সোয়া একটার দিকে বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে হাজির করা হয়। তাঁদের নতুন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি৷ পরে মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায় নূর হোসেন ও তাঁর দুই সঙ্গীকে ১৪ দিনের জেলহাজতে পাঠানোর আদেশ দেন৷ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে ৭ জুলাই৷
আদালতে নূর হোসেনকে গাড়ি থেকে বের করার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি চক্রান্তের শিকার। রাজনৈতিক চক্রােন্তর শিকার।’ সাংবাদিকেরা কার চক্রােন্তর শিকার জানতে চাইলে তিনি বলেন, ‘অনেকেই আছেন। আপনারা খুঁজে বের করুন।’ র্যাবকে ছয় কোটি টাকা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কেন টাকা দেব?’ ভারতে কেন পালিয়ে এলেন প্রশ্নে বলেন, ‘পালিয়ে আসিনি। আমার বিরুদ্ধে মামলা হয়েছে। জীবন বাঁচাতে এখানে এসেছি।’
কারা ভারতে পাঠিয়েছেন—প্রশ্নে নূর হোসেন বলেন, ‘নেতারাই আমাকে পাঠিয়েছে, ফাঁসিয়েছে।’ নূর হোসেন এ কথাও বলেন, নজরুল ইসলামের সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল না। এটা একটা চক্রান্ত। এ সময় নূর হোসেনের সঙ্গী সুমন খান চিৎকার করে বলতে থাকেন, ‘আমি পাসপোর্ট নিয়ে এখানে এসেছি। আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমি সাংবাদিকদের সাহায্য চাই।’
গতকাল সকালে নূর হোসেন ও তাঁর দুই সঙ্গীর স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজারহাট-গোপালপুর পৌরসভার দেশবন্ধুনগর হাসপাতালে নেওয়া হয়। সেখানেও নূর হোসেন সাংবাদিকদের বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার।
১৪ জুন দুই সঙ্গীসহ নূর হোসেনকে কলকাতা বিমানবন্দরের কাছে বাগুইআটি কৈখালি এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে গ্রেপ্তার করা হয়।