ঢাকার আসনের সীমানা বহাল রাখার পক্ষে বেশির ভাগ সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নির্বাচনী আসনের বিদ্যমান সীমানা বহাল রাখার দাবি জানিয়েছেন বেশির ভাগ আসনের সাংসদেরা। গতকাল রোববার ও ৯ মে অনুষ্ঠিত আসনের সীমানা বিন্যাস-সম্পর্কিত শুনানিতে তাঁরা এ দাবি জানান।

নির্বাচন কমিশন গত ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের ৮৪টি আসনের সীমানা পুনর্বিন্যাস করে খসড়া গেজেট প্রকাশ করে। এই বিন্যাসের ওপর ২৩ এপ্রিল থেকে শুনানি শুরু হয়। গতকাল শুনানি শেষ হয়।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলনকক্ষে গতকাল ঢাকা-৮, ১২, ১৩, ১৬, ১৮ ও ১৯ আসনের সীমানা পুনর্নির্ধারণের ওপর শুনানি হয়। নির্বাচন কমিশনের প্রস্তাবিত বিন্যাসে বিদ্যমান ঢাকা-১৭ আসনটি তিন ভাগে ভাগ করে অন্য তিনটি আসনে ফেলা হয়েছে। এই আসনের সাংসদ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তাঁর পক্ষে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার শুনানিতে অংশ নেন। তিনি বিদ্যমান আসনটি বহাল রাখার পক্ষে যুক্তি দেন। বিএনপির নেতা হান্নান শাহও আসনটি অক্ষত রাখার পক্ষে মত দেন।

ঢাকা-১৮ আসনের সাংসদ ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, ঢাকা-১১ আসনের সাংসদ আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১৫ আসনের সাংসদ কামাল আহমেদ মজুমদার নিজেদের আসন বিন্যাস না করে তা অক্ষত রাখার দাবি জানান।

৯ মে শুনানি হয় ঢাকা-১, ২, ৩, ৪, ৬, ১০, ১১, ১৪ ও ১৫ আসনের সীমানা পুনর্নির্ধারণের ওপর। ওই শুনানিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মোস্তফা জালাল মহিউদ্দিন, আসলামুল হক নিজেদের আসন পুনর্বিন্যাস না করার পক্ষে যুক্তি তুলে ধরেন।

নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, জুনের মধ্যে আসনের সীমানা পুনর্নির্ধারণ-সম্পর্কিত চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।