ঢাকার উন্মুক্ত এলাকা সবার নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুসারে নগরে বসবাসরত মানুষের বিনোদন ও সুস্থ ধারার জীবনযাপন নিশ্চিত করতে জনপ্রতি অন্তত ৯ বর্গমিটার উন্মুক্ত জায়গা প্রয়োজন। অথচ ঢাকায় এর পরিমাণ মাত্র শূন্য দশমিক ১১ বর্গমিটার। যা বিশ্বের যেকোনো শহরের তুলনায় কম। আবার বেদখল হয়ে যাওয়ার কারণে এতটুকু জায়গাতেও সবার প্রবেশাধিকার থাকে না।
গতকাল সোমবার রাজধানীর গণপূর্ত অধিদপ্তরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলা হয়। ১৯৮৬ সাল থেকে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার জাতিসংঘ ঘোষিত এ দিবসটি পালন করা হচ্ছে। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘সবার জন্য সর্বজনীন এলাকা’। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এ সেমিনারের আয়োজন করে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক আখতার মাহমুদ ‘অ্যান ইভালুয়েশন অব দ্য স্টেট অ্যান্ড অ্যাকসেসিবিলিটি টু দ্য পাবলিক স্পেস অব ঢাকা সিটি’ শীর্ষক প্রবন্ধে বলেন, ব্যক্তিগত জায়গা বাদে প্রতিটি উন্মুক্ত স্থান অর্থাৎ খেলার মাঠ, পার্ক, জলাশয়, নদী, খাল, বনাঞ্চল এসব কিছুই সর্বজনীন এলাকা। কোটি মানুষের ঢাকায় দুই সিটি করপোরেশনের ৫৪টি পার্কসহ উন্মুক্ত জায়গার পরিমাণ মাত্র ৩০৫ একর। এ ক্ষেত্রে প্রতি হাজার মানুষের জন্য বরাদ্দ জায়গা মাত্র শূন্য দশমিক ০২ একর। এরপরও এসব জায়গায় সব মানুষের সমান প্রবেশাধিকার থাকে না। সেমিনারে প্রধান অতিথি হিসেবে গৃহায়ণ ও গণপূর্তসচিব মোহাম্মদ মঈনউদ্দিন আব্দুল্লাহ, বিশেষ অতিথি নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ফওজি মুহাম্মদ বিন ফরিদের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণপূর্ত বিভাগের প্রধান স্থপতি কবির আহমেদ ভূঁইয়া, বিআইপির সভাপতি অধ্যাপক গোলাম রহমান, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশের (আইএবি) আবু সাঈদ এম আহমেদ প্রমুখ।