ঢাকার এ পর্যন্ত ‘অগ্রন্থিত’ ৬৩ শিলালিপির প্রতিবেদন প্রকাশ
দুই বছর অনুসন্ধানের পর রাজধানী ঢাকার অগ্রন্থিত ৬৩টি পুরোনো শিলালিপি চিহ্নিত করার কথা আনুষ্ঠানিকভাবে জানাল ঢাকার স্থাপত্যবিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি। শিলালিপিগুলোর ভাষা আরবি, ফারসি, লাতিন, আর্মেনীয়, পর্তুগিজ ও ইংরেজি। ঢাকার প্রাচীন স্থাপত্য বিষয়ে একটি গ্রন্থ প্রণয়নের উদ্দেশ্যে ২০০৮ সালের আগস্টে গঠিত হয় স্থাপত্যবিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় দুই বছরের কাজ শেষে গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে কমিটির প্রাথমিক প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। কমিটির চেয়ারম্যান পাভেল রহমানের সভাপতিত্বে সভায় ‘ঢাকার শিলালিপি’ শীর্ষক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন কমিটির প্রধান উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সভায় প্রাচীন বঙ্গ বিষয়ে উচ্চতর গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ট্রাস্ট ফান্ড গঠনের ঘোষণা দেওয়া হয়। এই তহবিল গঠনের যৌথ ঘোষণাপত্র পাঠ করেন শিল্পী শাহাবুদ্দিন। সভায় পাঠ করা প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, ঢাকার শিলালিপি খুঁজে পাওয়া ও গ্রন্থভুক্ত হওয়া শুরু হয় উনিশ শতকের শেষার্ধে। বর্তমান কমিটি জরিপকাজ শুরু করার আগ পর্যন্ত প্রাচীনকাল থেকে মোগল আমল পর্যন্ত ঢাকার ১৭টি স্থাপনার ২১টি শিলালিপি গ্রন্থিত হয়েছে। দুই বছর ধরে স্থাপত্যবিষয়ক এ গ্রন্থ প্রণয়ন কমিটি ঢাকার শিলালিপি বিষয়ে জরিপ চালিয়ে আসছে। এতে ২০০৮ সালে ৩০টি, ২০০৯ সালে নয়টি এবং ২০১০ সালে ২৪টি অগ্রন্থিত শিলালিপির সন্ধান পাওয়া যায়। কমিটির পাওয়া ২০০৮ ও ২০০৯ সালের শিলালিপিগুলোর মধ্যে আর্মেনীয় ছাড়া অন্য সব ভাষার শিলালিপির অনুবাদ সম্পন্ন হয়েছে। এখন চলছে ২০১০ সালে প্রাপ্ত শিলালিপির অনুবাদ। প্রতিবেদনে অভিযোগ করা হয়, ২০০৮ সালে প্রাপ্ত আটটি শিলালিপি পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইউসুফ সিদ্দিকের লেখা ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক এনামুল হকের সম্পাদনায় প্রকাশিত একটি গ্রন্থে উত্স উল্লেখ ছাড়া ছাপা হয়েছে। এতে মুদ্রিত হয়েছে শিলালিপির ফটোকপি ছবি। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এ কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সার্বিক সহায়তা দেবে। অধ্যাপক এ বি এম হোসেন বলেন, নতুন চিহ্নিত শিলালিপিগুলো দ্রুত বাংলা ও ইংরেজিতে অনুবাদ করে গ্রন্থাকারে প্রকাশ করা দরকার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রত্নতত্ত্ববিদ আ ক ম যাকারিয়া, স্থপতি মীর মোবাশ্বের আলী, স্থপতি শামসুল ওয়ারেস, দৈনিক অধিনায়ক পত্রিকার সম্পাদক মোজাম্মেল হোসেন মঞ্জু, শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, ফারসি গবেষক অধ্যাপক কুলসুম আবুল বাশার, প্রাচীন ফারসি ভাষা বিশেষজ্ঞ ফরিদউদ্দিন খান ও ভাস্কর রাসা।