ঢাকার একাংশে বিদ্যুৎ বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের একটি সঞ্চালন লাইন (গ্রিড) বন্ধ হয়ে গতকাল রোববার দিনভর ঢাকার একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। তবে রাত 
আটটায় নগরের খিলগাঁও-তালতলা ছাড়া সংশ্লিষ্ট সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। তবে এসব এলাকায় সারা
রাতই ঘন ঘন লোডশেডিং করতে হয়েছে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সূত্রগুলো
জানায়, দুপুর ১২টা ৩৮ মিনিটে নগরের উলন-ধানমন্ডি ১৩২ হাজার ভোল্টের সঞ্চালন লাইনটি হঠাৎ বন্ধ হয়ে যায়। ফলে
সচিবালয়, রামপুরা, খিলগাঁও, তালতলা, ধানমন্ডি, কলাবাগান, গ্রিন রোড, কারওয়ান বাজারসহ বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ
সরবরাহ বন্ধ হয়ে যায়।
ঘটনার ১০ মিনিটের মধ্যে নগরের মানিকনগর গ্রিড থেকে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ নিয়ে সচিবালয়সহ গুরুত্বপূর্ণ
স্থানগুলোতে সরবরাহ শুরু করা হয়। পাশাপাশি কোথায় কী কারণে গ্রিডে সমস্যা হলো, তা অনুসন্ধানে ডিপিডিসির
প্রকৌশলী-কর্মীরা নেমে পড়েন। দুপুর একটা ৫ মিনিটে ধানমন্ডি এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়।
শেষ পর্যন্ত তালতলায় সঞ্চালন লাইনটির দুটি সার্কিটই বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সেটি মেরামতের কাজ শুরু
করা হয়। কিন্তু গতকাল রাত আটটা পর্যন্ত একটি সার্কিট মেরামত করা সম্ভব হয়েছে। ওই সার্কিটটি এবং অন্য বিকল্প
ব্যবস্থায় গতকাল রাতে সরবরাহ চালু রাখা হয়। ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ঘন ঘন লোডশেডিং করতে হয়েছে।
আজ সোমবারের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন ডিপিডিসির পরিচালক (অপারেশন্স)
মিজানুর রহমান।