
এখানে একটা সেতু ছিল। নিচে ছিল প্রবহমান ধোলাইখাল। সেতুটির নাম ‘নারিন্দা পুল’। সেই খাল আজ অস্তিত্বহীন। খাল যেহেতু নেই, তাই পুল বা সেতুটিও নেই। কিন্তু নামটি আজও রয়ে গেছে লোকমুখে। জায়গাটা পুরান ঢাকার নারিন্দা রোডের মাথা বরাবর।
পুরান ঢাকার অন্যতম প্রাচীন জনপদ নারিন্দায় এই সেতু যাঁর প্রচেষ্টায় নির্মিত হয়েছিল, তাঁর নাম হায়াত ব্যাপারী। তিনি শুধু সেতুই বানাননি, নিজ পরিকল্পনায় গড়েছিলেন একটি মসজিদও। মসজিদটির নাম ‘হায়াত ব্যাপারীর মসজিদ’। এর অবস্থান ঢাকার সবচেয়ে প্রাচীন মসজিদ ‘বিনত বিবির মসজিদ’–এর খুব কাছে। প্রাক্-মোগল আমলে নির্মিত বিনত বিবির মসজিদটি নারিন্দা চৌরাস্তার মোড়ে। আর হায়াত ব্যাপারীর মসজিদ দাঁড়িয়ে আছে নারিন্দা সড়ক ধরে ধোলাইখালের নতুন রাস্তা পার হয়ে ৭২, ঋষিকেশ দাশ রোডে। দুটি মসজিদই ঢাকার ঐতিহাসিক গুরুত্ব বহন করে চলেছে। বিনত বিবির মসজিদটি নির্মিত হয়েছিল ১৪৫৭ সালে। এরও ২০৭ বছর পরে মাথা তুলে দাঁড়ায় হায়াত ব্যাপারীর মসজিদটি। বিনত বিবির মসজিদের শিলালিপি পাওয়া গেলেও হায়াত ব্যাপারীর মসজিদের এ রকম কিছু পাওয়া যায়নি।
কে ছিলেন হায়াত ব্যাপারী? কেউ কেউ বলেন, হায়াত ব্যাপারী ছিলেন মোগল সম্রাটের একজন স্থপতি। তিনি নারিন্দায় পুল নির্মাণ করে সম্রাটের কাছ থেকে প্রচুর উপঢৌকন লাভ করেন। সেই অর্থ দিয়ে তিনি নারিন্দায় অনেক ভূসম্পত্তি ক্রয় করেন। আবার কারও কারও মতে, হায়াত ব্যাপারী ছিলেন একজন পাকা রাজমিস্ত্রি। দক্ষ হাতে সেতু ও মসজিদটি তিনি তৈরি করেন।
প্রত্নতত্ত্ববিদ আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া লিখেছেন, ‘১৬৬৪ খ্রিষ্টাব্দে হায়াত ব্যাপারী নামক ধনাঢ্য ব্যক্তি এক খিলানবিশিষ্ট একটি পাকা পুল নারিন্দাতে ধোলাইখালের (অবলুপ্ত) ওপরে নির্মাণ করেন। তাওয়ারিখ-ই-ঢাকা নামক গ্রন্থে জনাব রহমান আলী তায়েশ এ তথ্য প্রকাশ করেছেন। কিছুকাল আগে পুলটি নষ্ট হয়ে গেলে এটিকে নতুন করে নির্মাণ করা হয়।’
মসজিদ প্রসঙ্গে যাকারিয়া লিখেছেন, ‘নারিন্দা পুলের কিছু দক্ষিণে এই পুরাতন মসজিদটি অবস্থিত। বর্গাকারে নির্মিত এ মসজিদ ১৬৬৪ খ্রিষ্টাব্দে হায়াত ব্যাপারী কর্তৃক নির্মিত হয়েছিল।’ (মসজিদনগরী ঢাকা/ ড. সৈয়দ মাহমুদুল হাসান)
নির্মাণশৈলী সম্পর্কে তথ্য পাই এশিয়াটিক সোসাইটি প্রকাশিত ঢাকা কোষ বইয়ে। এতে উল্লেখ করা হয়েছে, এর নির্মাণ উপাদান হিসেবে পোড়ানো ইট ও দেয়ালে চুন-সুরকির প্রলেপ ব্যবহৃত হয়েছে। মসজিদটির ছাদে চারকোনায় চারটি অষ্টভুজাকার বুরুজ বিদ্যমান ছিল। বুরুজগুলোর শীর্ষদেশ কিউপোলা ও কলস নকশা দ্বারা সুসজ্জিত। মসজিদটির নির্মাণশৈলীতে বিনত বিবির মসজিদের অনুকরণের প্রচেষ্টা লক্ষণীয় বলে ইতিহাসবিদ আহমদ হাসান দানি অভিমত ব্যক্ত করেছেন।
৩৬০ বছর বয়সী এই মসজিদের অস্তিত্ব বছর কুড়ি আগেও দৃশ্যমান ছিল। গত ২৭ মার্চ মসজিদ প্রাঙ্গণে গেলে স্থানীয় বাসিন্দাদের অনেকেই বললেন, মসজিদটির সামনে একতলা, আর পেছনে ছিল দোতলা। এলাকায় জনবসতি বেড়ে যাওয়ায় মসজিদটি বড় না করে উপায় ছিল না।
মসজিদটির প্রকৃত নামও অনেকে জানেন না। কেউ কেউ অবশ্য বলতে পারলেন। বিভিন্ন নামে মসজিদটি পরিচিত। কেউ বলেন ‘নারিন্দা পুলের ঢাল মসজিদ’ বা ‘নারিন্দা পঞ্চায়েতের মসজিদ’।
মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. আলী মসজিদের পাশে নিজ বাড়িতে প্রথম আলোকে বলেন, হায়াত ব্যাপারী মসজিদটির জন্য এক শ বিঘা জায়গা দিয়ে গিয়েছিলেন। আর আজ মসজিদটির নামে দুই কাঠা জমিও নেই।
পুরোনো মসজিদগুলো ঢাকার ঐতিহাসিক পরিচয়কে সামনে আনে। এগুলো টিকিয়ে রাখা খুব দরকার।