ক্ষমতার অপব্যবহার করে কোনো ধরনের আবেদন ও অনুমোদন ছাড়া ব্যবসায়ীকে টাকা পাইয়ে দেওয়া ও আত্মসাতের অভিযোগে করা মামলায় বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মো. আলমগীর হোসেন ব্যাংকটির প্রধান কার্যালয়ের (ঢাকায়) ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন দুদক চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মো. আবু সাঈদ।
এর আগে সকালে কোতোয়ালি থানায় ক্ষমতার অপব্যবহার ও টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা আলমগীর ও চট্টগ্রামের ব্যবসায়ী ফিরোজ মিয়ার বিরুদ্ধে মামলা করেন দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক এম এইচ রহমতউল্লাহ।
দুদক চট্টগ্রাম সূত্র জানায়, ২০১৩ সালে মো. আলমগীর হোসেন ব্যাংকটির খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক ছিলেন। ওই বছরের আগস্টে তিনি মেসার্স রুমি সিন্ডিকেট নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে কোনো ধরনের আবেদন, অনুমোদন ছাড়াই ব্যাংক থেকে ২৯ লাখ ৬৬ হাজার টাকার বেশি ঋণ দেন। ওই ঋণের বিপরীতে কোনো ধরনের জামানত বা বন্ধকি নেওয়া হয়নি। প্রতিষ্ঠানের মালিক ফিরোজ মিয়ার সঙ্গে যোগসাজশে অবৈধভাবে তাঁকে এ টাকা দেওয়া হয়। ফিরোজ মিয়া ওই টাকার পুরোটা ব্যাংকে পরিশোধ করেননি।
মামলার বাদী দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক এম এইচ রহমতউল্লাহ বলেন, ব্যাংকটির ৫২ শতাংশ মালিকানা সরকারের। ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তেও আলমগীর হোসেনের অনিয়মের কথা উল্লেখ আছে। আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। দুদকের আইনজীবী সানোয়ার হোসেন বলেন, গতকাল বিকেলে আসামি আলমগীর হোসেনকে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরীর আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।