ঢাকার কমিশনার ও খুলনার ডিসিকে প্রত্যাহারের নির্দেশ
ঢাকার বিভাগীয় কমিশনার এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী এবং খুলনার জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই দুই কর্মকর্তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
গতকাল সোমবার বিকেলে নির্বাচন কমিশন জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্য জানান। জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশন প্রয়োজন মনে করেছে, তাই এই দুই কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদার গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম আলোকে বলেন ‘১০ মিনিট আগে খুলনার ডিসিকে বদলির নির্দেশনা পেয়েছি। তবে বিভাগীয় কমিশনারের বিষয়ে এখনো নির্দেশনা হাতে পাইনি। শুনেছি।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, এই দুই কর্মকর্তা বর্তমান সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।