ঢাকার কারাগার আজ থেকে চলে যাচ্ছে কেরানীগঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগার আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে স্থানান্তরিত হচ্ছে। কারাগারের ছয় সহস্রাধিক বন্দীকে আজ ও আগামীকাল একযোগে স্থানান্তর করা হবে। সেই সঙ্গে পরিত্যক্ত হবে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারটি।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, কারাগারের দাপ্তরিক আসবাবপত্র আগেই কেরানীগঞ্জের নতুন ভবনে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার থেকে তিনি ও কারাধ্যক্ষ নতুন কারাগারে দায়িত্ব পালন করবেন।

এত বিপুলসংখ্যক বন্দী স্থানান্তরের আয়োজন নিয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, কঠোর নিরাপত্তায় আজ সকাল ছয়টা থেকে প্রিজন ভ্যানে বন্দীদের দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে নবনির্মিত কারাগার ভবনে নিয়ে যাওয়া হবে। ডিএমপির দুই হাজার পুলিশের বাইরে ঢাকা জেলার অন্তত ৬০০ পুলিশ সদস্য এই বহরের নিরাপত্তা দেবেন। এতে র‍্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অংশ নেবে। বন্দী স্থানান্তরের সময় রাজধানীর নাজিমউদ্দিন রোড থেকে পোস্তগোলা হয়ে রাজেন্দ্রপুরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় গতকাল প্রথম আলোকে বলেন, স্থানান্তর উপলক্ষে ইতিমধ্যে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

কারাগার সূত্র জানায়, নাজিমউদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নারী-বন্দী ও দুর্ধর্ষ জঙ্গিদের এর আগে গাজীপুরের কাশিমপুর কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানান্তর-প্রক্রিয়া শেষ হলে কাশিমপুর কারাগার থেকে তাঁদের কেরানীগঞ্জের নতুন কারাগারে নিয়ে যাওয়া হবে।

নাজিমউদ্দিন রোডের ১৭ একর জমিতে ১৭৮৮ সালে গড়ে ওঠা পুরোনো কারাগার ভবনটিতে বন্দী ধারণক্ষমতা ২ হাজার ৮২৬ জন, বর্তমানে আছেন ৬ সহস্রাধিক বন্দী। কেরানীগঞ্জের নতুন কারাগার ভবন দাঁড়িয়ে আছে ১৯৪ একরের বেশি জমির ওপর। ধারণক্ষমতা ৫ হাজার হলেও ৮ হাজারের মতো বন্দী থাকতে পারবেন।

পুরোনো কারাগারে যা হবে: ঢাকা কেন্দ্রীয় কারাগার সরে গেলে পরিত্যক্ত ১৭ একর জমি কাজে লাগাতে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে। ইতিহাসবিদ, নগরবিদসহ পাঁচ সদস্যের একটি পরিকল্পনা কমিটি গঠন করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ১১ একর জমিতে কারা কল্যাণ ভবন, কমিউনিটি সেন্টার, সুইমিংপুল, ব্যায়ামাগার, বহুতল পার্কিং, আধুনিক শপিং কমপ্লেক্স করা হবে। এ ছাড়া সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার নেতার পৃথক দুটি স্মৃতি জাদুঘর হবে। বাকি ছয় একর জমিতে কারা প্রশিক্ষণ ইনস্টিটিউট হবে।