ঢাকার খামারে ২৩ হাজার পশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাশ্মীরের সাদা মহিষ। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার সাদিক অ্যাগ্রোর এমন তিনটি মহিষের দুটি বিক্রি হয়ে গেছে
কাশ্মীরের সাদা মহিষ। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার সাদিক অ্যাগ্রোর এমন তিনটি মহিষের দুটি বিক্রি হয়ে গেছে

হাটের হাজারো মানুষ, গবাদিপশুর সারি আর বর্ষার কাদাজল ভেঙে কোরবানির পশু বাছাইয়ের ঝক্কি এখানে নেই। পাকা মেঝেতে ঘরোয়া পরিবেশে দেখা যাবে তাদের। প্রয়োজনে ‘দামী মডেলের মতো’ হাঁটিয়ে দেখারও ব্যবস্থা আছে। তবে দশাসই শরীর, আর অভিজাত দেমাকের কারণে একাধিক রশি লাগিয়ে নিয়ন্ত্রণে রাখতে হয় তাদের। কিছু ক্ষেত্রে কেনা যাবে অনলাইনেও। আছে বদলের সুযোগও।

পবিত্র ঈদুল আজহার জন্য গবাদিপশু কেনার এমন আয়োজন আছে রাজধানী ঢাকার চারপাশে। আয়োজক দেড় হাজারের বেশি খামারি। তাঁদের বেশির ভাগ শুধু মাংসের জন্য বাণিজ্যিকভাবে গরু লালনপালন করেন। 

ঢাকা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, কয়েক বছর ধরেই ঈদুল আজহা সামনে রেখে ঢাকা ও ঢাকার আশপাশে গরুর খামারের সংখ্যা বাড়ছে। এ বছর ১ হাজার ৭৭৯টি খামারে কোরবানিযোগ্য ২৩ হাজার ৩১৬টি গবাদিপশু আছে। এর মধ্যে ষাঁড় আছে ৮ হাজার ৭১৭টি, বলদ ৭ হাজার ২২৭টি। গাভির সংখ্যা প্রায় ৬০০। এ ছাড়া খাসি ও ভেড়ার সংখ্যা যথাক্রমে ১২ হাজার ৮২০ ও ৩০০। আছে দেড় শর মতো দুম্বাও।

গতকাল রাজধানীর পশ্চিম অংশে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় এমন তিনটি খামার ঘুরে দেখা যায়, খামারিরা আট-দশ বছর ধরেই পশুপালনের সঙ্গে যুক্ত। এঁদের বেশির ভাগ ঢাকায় নিজস্ব খামারে গবাদিপশু লালনপালন করেন। কেউ আবার ঢাকার কাছে কিংবা অন্য কোনো জেলায় কৃষকদের কাছে চুক্তিতে পশু বড় করার জন্য দিয়ে রাখেন। আর ঈদের সময় এনে বিক্রি করেন ঢাকার আস্তানায় রেখে।

নিয়মিত খামারিরা তাঁদের পশুর বেশির ভাগ বিক্রির জন্য হাটে তোলেন না। বিজ্ঞাপন ও ফেসবুকে প্রচারণাসহ ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে ক্রেতাদের খামার থেকেই গরু কিনতে আকৃষ্ট করেন। ক্রেতারা একাধিকবার খামারে এসে পশু পছন্দ করতে পারেন। অনেকে অগ্রিম বুকিং করে গেছেন পছন্দের গরু। কিনে নেওয়ার পর কোনো পশু যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তা বদলের ব্যবস্থাও রেখেছেন অনেক খামারি। এসব বিবেচনায় অনেকে হাটের বদলে এসব খামার থেকে পশু কিনতে আগ্রহী হচ্ছেন। 

গতকাল মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো নামের এমন একটি খামারে কথা হলো ধানমন্ডির ইমতিয়াজ মাহবুব নামের এক ক্রেতার সঙ্গে। খামারে কোরবানির জন্য গরু দেখতে এসে প্রথম দিনেই তিনি একবারে তিনটি গরু কিনেছেন। এর মধ্যে একটির দাম পড়েছে ৬ লাখ টাকা। বাকি দুটি যথাক্রমে ৪ লাখ ৩০ হাজার ও ৩ লাখ ৭০ হাজার টাকা। হাটের বদলে খামার থেকে গরু কেনার কারণ জানতে চাইলে এই ব্যবসায়ী ক্রেতা বলেন, প্রতিবার কোরবানিতে হাট থেকেই গরু কেনা হয়। কিন্তু খামার থেকে কেনার বিষয়টি অপেক্ষাকৃত স্বস্তির মনে হলো। এখানে একটা নিশ্চয়তাও পাওয়া যায়। যেমন কিনে নেওয়া গরু অসুস্থ হয়ে পড়লে সেটি আবার বদলে দেওয়ার কথা বলেছেন খামারের ব্যবস্থাপক। হাটে তো এই সুবিধা পাওয়া যাবে না। আর ঈদের আগে আগে খামারি নিজেই গরু বাসায় পৌঁছে দেবেন।  

সাদিক অ্যাগ্রোর ব্যবস্থাপক মোহাম্মদ শরিফের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁরা আট বছর ধরে পশুপালনের সঙ্গে যুক্ত। কোরবানির ঈদ উপলক্ষ করে তাঁরা সারা বছর নিজস্ব খামারে দেশি-বিদেশি বিভিন্ন জাতের গরু-ছাগল পালন করে থাকেন। পাশাপাশি সিন্ধি, শাহিওয়ালের মতো কয়েকটি জাতের গরু ভারত থেকেও আমদানি করেন। এই খামারের গরুগুলোর দাম শুরু হয়েছে ৮০ হাজার টাকা থেকে। সর্বোচ্চ ১৬ লাখ টাকা দামের গরুও আছে তাঁদের। নাম সুলতান; ওজন ১ হাজার ১০০ কেজি। তবে এটি এখনো বিক্রি হয়নি। 

জানা গেল, সাদিক অ্যাগ্রো এ বছর কাশ্মীর থেকে তিনটি সাদা মহিষ এনেছে। এর মধ্যে দুটো বিক্রি হয়ে গেছে। প্রতিটির দাম রাখা হয়েছে ৩ লাখ টাকার বেশি। আছে ১৫ লাখ টাকার উট। ৯০ হাজার থেকে দেড় লাখ টাকার মধ্যে এখানে পাওয়া যাবে ভুটান থেকে আমদানি করা ছোটখাটো গড়নের ‘ভুট্টি’ গরুও। আছে দেশি ব্ল্যাক বেঙ্গল, যমুনাপাড়ি, বিটলসহ কয়েক প্রজাতির ছাগল।

সাদিক অ্যাগ্রোর কাছাকাছি আল-আইমান অ্যাগ্রো নামের আরেকটি খামারে কথা হলো সিরাজগঞ্জের মো. শামসুল হকের সঙ্গে। তিনিসহ আরও চারজন এই খামারের জন্য ৪০টি ষাঁড় এনেছেন। তাঁরা প্রত্যেকে কৃষক। ষাঁড়গুলো তাঁদের বাড়িতেই বড় করা। এ জন্য খামার কর্তৃপক্ষ বাছুর কেনা থেকে শুরু করে সেগুলো বড় করার সব মূলধন জোগান দিয়েছে। এই কাজের জন্য কর্তৃপক্ষ তাঁদের নিয়মিত বেতনও দিয়ে থাকেন। পাঁচ বছর ধরে তাঁরা এই কাজ করছেন। খামারি গরুগুলো এই কোরবানির ঈদে বিক্রি করবেন।

কৃষক শামসুল হক বলেন, এই খামারে ১ লাখ ২০ হাজার থেকে ৭ লাখ টাকার গরু আছে। গরুগুলো খুব যত্নে পালন করা হয়। এসব গরুর খাবারের মধ্যে আছে ভুট্টা, খেসারি, ধানের গুঁড়া, খইল, তাজা ঘাস, চিটাগুড়, খড় ইত্যাদি।

‘দ্য হাম্বা ফ্যাক্টরি’তে গরুর পরিচর্যা চলছে। তাদের ১০০ গরুর ২০টি বিক্রি হয়ে গেছে l সাইফুল ইসলাম
‘দ্য হাম্বা ফ্যাক্টরি’তে গরুর পরিচর্যা চলছে। তাদের ১০০ গরুর ২০টি বিক্রি হয়ে গেছে l সাইফুল ইসলাম

এই এলাকাতেই গড়ে উঠেছে ‘দ্য হাম্বা ফ্যাক্টরি’ নামের আরেকটি গরুর খামার। এর অন্যতম স্বত্বাধিকারী সামিউল এহসান বলেন, ‘আমাদের মূল খামারটি নরসিংদীতে। এখানেও কিছু পশু পালন করা হয়। এবারের কোরবানির জন্য এ রকম ১০০টি গরু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ২০টির মতো বিক্রিও হয়ে গেছে।’

এই খামারের গরুগুলোর নাম চমকপ্রদ। যেমন শাহেনশাহ, বাদশা, বাহাদুর, চেয়ারম্যান, ক্যাপ্টেন, বড়দা ইত্যাদি। সামিউল বলেন, ‘দুই বছর আগে মূলত দুধ উৎপাদনের বিষয়টি মাথায় রেখে আমরা ছয়জন খামারটি চালু করি। তবে কোরবানির পশু বড় করার প্রকল্প এবারই প্রথম।’

ঢাকা ও ঢাকার আশপাশে গড়ে ওঠা এ রকম খামারের বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারী পরিচালক (খামার) এ বি এম খালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার আওতায় পশুপালনের জন্য এমন খামার পরিচালনা করতে পারলে তা খুব দ্রুত লাভজনক হয়ে ওঠে। আর আর্থিকভাবে বেশি লাভবান হওয়ার জন্য কোরবানির ঈদ একটা বড় উপলক্ষ। আমরা লক্ষ করেছি, এই খাতে আগ্রহী উদ্যোক্তাদের সংখ্যাও বছরে বছরে বাড়ছে। আর এ–বিষয়ক প্রশিক্ষণ ও নানাবিধ সহযোগিতার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তর থেকেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।’