বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় আলোচকেরা বলেছেন, প্রাকৃতিক পরিবেশ ও বিশাল খোলা জায়গা থাকার কারণে একসময় ‘প্রাচ্যের ভেনিস’ খ্যাতি পেয়েছিল ঢাকা। সেই ঢাকা নগরী এখন বসবাসের প্রায় অনুপযুক্ত। যেখানে একটি শহরের অন্তত ২৫ শতাংশ খোলামেলা এলাকা থাকা প্রয়োজন, সেখানে ঢাকায় আছে মাত্র সাড়ে আট শতাংশ। সেটুকুও আবার বেদখল হয়ে যাচ্ছে। ঢাকাকে বসবাসযোগ্য রাখতে হলে এই সর্বজনীন খোলা এলাকাগুলো সংরক্ষণের বিকল্প নেই।
গতকাল রোববার ওই সভায় নগরবিদ, প্রকৌশলী, পরিবেশবিদ ও আইনজীবীরা ঢাকাকে রক্ষার জন্য কঠোরভাবে আইনের প্রয়োগ এবং জনগণের সক্রিয় উদ্যোগের অপরিহার্যতার কথা বলেছেন। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) রাজধানীর নিজ কার্যালয়ে এই সভার আয়োজন করে। ১৯৮৬ সাল থেকে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার জাতিসংঘ ঘোষিত এই বিশ্ব বসতি দিবস পালিত হচ্ছে। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘সবার জন্য সর্বজনীন এলাকা’।
>একটি শহরের অন্তত ২৫ শতাংশ খোলামেলা এলাকা থাকা প্রয়োজন, সেখানে ঢাকায় আছে মাত্র সাড়ে ৮ শতাংশ
মূল প্রবন্ধে পবার নির্বাহী সাধারণ সম্পাদক আবদুস সোবহান বলেন, রাস্তা, ফুটপাত, খাল, উদ্যান, বাজার, মাঠ এসব সর্বজনীন এলাকার মধ্যে পড়ে। ঢাকা নগরে সর্বজনীন এলাকা দুর্লভ। হাতে গোনা যে কয়েকটি উদ্যান বা মাঠ রয়েছে, তা–ও নানাভাবে বেদখল হয়ে যাচ্ছে। অনেক সময় যাদের দেখভাল করার দায়িত্ব, সেই সরকারি-বেসরকারি সংস্থাই উন্মুক্ত স্থানগুলো দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে। টিকাটুলী, নয়াটোলা, আজিমপুর, যাত্রাবাড়ী, লালমাটিয়া, মোহাম্মদপুর ও উত্তরার অনেক পার্ক, খেলার মাঠ, খোলা জায়গায় সিটি করপোরেশন নিজেরাই কমিউনিটি সেন্টার, কাউন্সিলরের কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে। এ ছাড়া মিরপুর, গুলশান, বনানী ও উত্তরার খোলা জায়গাকে প্লটে পরিণত করে বেসরকারি নির্মাতাদের কাছে বিক্রি করা হচ্ছে।
প্রবন্ধে আরও বলা হয়, সড়কের পাশের ফুটপাতগুলো বেদখল হয়ে গেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তাদের ভবনের সামনের ফুটপাত দখল করে রেখেছে। পথ চলতে পথিকেরা অসুবিধায় পড়ছে। শারীরিকভাবে অসমর্থ লোকের চলাচল করার জন্য বিকল্প ব্যবস্থাই ফুটপাতে রাখা হয়নি। একটি নগরের সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য সর্বজনীন এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, বসবাসের জন্য ঢাকায় অসহনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে, বিষয়টিকে উপেক্ষা করার উপায় নেই। ব্রিটিশরা যেভাবে সুপরিকল্পিতভাবে শহরের সম্প্রসারণ করেছিল, তার ধারাবাহিকতা রক্ষা করা যায়নি। এ জন্য এককভাবে রাজউক বা সিটি করপোরেশন কাউকে দায়ী করে লাভ নেই। নগরবাসীর আইনশৃঙ্খলা না মানার প্রবণতাও একটি প্রধান সমস্যা। তিনি বলেন, ‘কে শহরের দায়িত্ব নেবে, এটা কি কোনো একক কর্তৃপক্ষের হাতে থাকবে, না যেমন চলছে তেমনি চলবে—তা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়।’
আইনবিদ শাহদীন মালিকও তাঁর আলোচনায় কর্মকর্তাদের গাফিলতি বা দায়িত্বপালনের ব্যর্থতার ক্ষেত্রে কঠিন সাজা প্রয়োগের প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, গুরুত্বপূর্ণ সরকারি ভবন বা আবাসিক ভবন কেউ দখল করতে পারে না। সেখানে যাঁরা কর্তব্যরত তাঁরা তদারকির কাজটি ঠিকমতো করেন। কিন্তু খোলা মাঠ, নদী, ফুটপাত এসব দখল হয়ে যায়। কেউ না কেউ নিশ্চয়ই এগুলোর তত্ত্বাবধানের দায়িত্বে থাকেন। যেসব জায়গা বেদখল হয়েছে সেই জায়গাগুলোর তত্ত্বাবধানকারী কয়েকজনকে বরখাস্ত বা কঠিন দণ্ড দেওয়া হলে দখলের ঘটনা কমে আসত। প্রতিটি দখলের ঘটনার সঙ্গেই যোগসাজশের বিষয় থাকে।
সভার সভাপতি আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এম শফিউল্লাহ বলেন, ঢাকা পৃথিবীর অন্যতম জনঘনত্বসম্পন্ন নগরী। প্রতিবছর প্রায় চার থেকে পাঁচ লাখ মানুষ নতুন করে ঢাকায় আসছে। অবস্থা এমন হয়েছে মানুষ ঢাকায় আসে, কিন্তু এখান থেকে বের হতে পারে না। কর্মসংস্থানসহ অন্যান্য সুযোগ শুধু ঢাকাকেন্দ্রিক না রেখে সারা দেশে ছড়িয়ে দেওয়া দরকার।
আজ বিশ্ব বসতি দিবস উপলক্ষে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।