উচ্চ আদালতের রায় ও নির্দেশনার আলোকে রাজধানী ঢাকার চারপাশে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদ রক্ষার দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেল খাত রক্ষা জাতীয় কমিটি। গতকাল মঙ্গলবার পুরানা পল্টনের মুক্তি ভবনে কমিটি আয়োজিত এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেন, অবৈধ দখল, দূষণ ও ইজারা দেওয়ার কারণে নদীগুলো হারিয়ে যাচ্ছে। দখলমুক্ত করতে সরকার ব্যর্থ হয়েছে।
জল পরিবেশ ইনস্টিটিউটের চেয়ারম্যান ম. ইনামুল হক বলেন, সরকার অবৈধ দখলদারদের উচ্ছেদ না করে ভূমিদস্যুদের হাতে ছেড়ে দিচ্ছে নদীগুলো।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া বলেন, নদীগুলো রক্ষায় পরিবেশবাদীদের পাশাপাশি দেশের রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে।
নৌ, সড়ক ও রেল খাত রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক আশীষ কুমার দের সঞ্চালনায় আরও বক্তব্য দেন গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শহীদুল্লাহ সিকদার প্রমুখ। বিজ্ঞপ্তি।