ঢাকার চারটি গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিরাজমান স্থানীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি’তে রাজধানী ঢাকার চারটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনায় নাশকতার আশঙ্কা করছে পুলিশ। তাই এসব স্থাপনায় গোয়েন্দা নজরদারিসহ যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে পুলিশের বিশেষ শাখা।
এই চারটি স্থান হলো: ঢাকায় শিয়াদের প্রধান ধর্মীয় কেন্দ্র হোসেনি দালান, বকশীবাজারে অবস্থিত আহমদিয়া মুসলিম জামাতের মূল ধর্মীয় কেন্দ্র, ঢাকেশ্বরী মন্দির ও ঐতিহাসিক লালবাগ কেল্লা। এসব স্থাপনায় প্রতিদিন নিজ নিজ ধর্মাবলম্বীসহ অনেক দর্শনার্থী আসেন।
২৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো পুলিশের বিশেষ শাখার এক প্রতিবেদনে এ আশঙ্কা ও সুপারিশ করা হয়। প্রতিবেদনে ঢাকায় হোসেনি দালান ও বগুড়ায় শিয়া মসজিদে, রাজশাহীতে আহমদিয়া মসজিদ ও দিনাজপুরে ইসকন মন্দিরে হামলাসহ গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত দেশে ১১টি সহিংস ঘটনার কথা উল্লেখ করে বলা হয়, ‘এসব ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবিসহ বেশ কিছু ধর্মীয় জঙ্গিগোষ্ঠীর সংশ্লিষ্ট থাকার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। মানবতাবিরোধী অপরাধীদের বিচার কার্যক্রম বাধাগ্রস্ত করতে দেশের স্বাধীনতাবিরোধী চক্র এবং বেশ কয়েকটি বিদেশি রাষ্ট্র ও তাদের গোয়েন্দা সংস্থা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপতৎপরতা অব্যাহত রেখেছে মর্মে প্রতীয়মান হয়।’
এ অবস্থায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই চারটি স্থাপনায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে সাত দফা সুপারিশ করা হয়েছে। তা হলো: প্রয়োজনীয় সংখ্যক আর্চওয়ে গেট স্থাপন, হাতে ব্যবহারযোগ্য মেটাল ডিটেক্টর দিয়ে আগত ব্যক্তিদের ও ভেহিক্যাল সার্চ মিরর দিয়ে যানবাহন তল্লাশি, প্রয়োজনীয় সংখ্যক ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা সংযোজন ও সঠিক প্রক্রিয়ায় ব্যবহার নিশ্চিত করা, প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন রাখা, স্থাপনাগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থাসহ জেনারেটরের ব্যবস্থা এবং অগ্রিম তথ্য সংগ্রহে গোয়েন্দা নজরদারি বাড়ানো।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, ‘এসব সুপারিশ আমরা যথেষ্ট গুরুত্বসহকারে নিয়েছি। অবশ্যই এসব স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হবে। পরিস্থিতি বিবেচনায় রেখে ইতিমধ্যেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।’