ঢাকার চারপাশে চারটি স্যাটেলাইট টাউন গড়া হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীর ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন সংকট নিরসনে ঢাকা শহরের চারপাশে চারটি স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উদ্যোগে এসব স্যাটেলাইট টাউনে সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা রাখা হবে। এসব শহরে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের জন্য বিভিন্ন আয়তনের ফ্ল্যাট নির্মাণ করা হবে।গতকাল বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরপর্বে গোলাম দস্তগীর গাজীর লিখিত প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন। তবে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হওয়ায় সম্পূরক প্রশ্নের সুযোগ ছিল না। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেলে অধিবেশন শুরু হয়। শুরুতেই প্রধানমন্ত্রী সংসদে যোগ দেন। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া গতকালও সংসদে যাননি। তবে বিরোধী দলের সদস্যরা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী বলেন, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য রাজধানীর তিনটি এলাকায় ৫২ হাজার ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজউক। ৬০০ থেকে এক হাজার ২০০ বর্গফুটের এসব ফ্ল্যাট রাজউকের মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে। এর মধ্যে রাজধানীর ঝিলমিল আবাসিক প্রকল্পে ১০ হাজার, উত্তরায় ২২ হাজার ৫০০ এবং পূর্বাচলে ২০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। এ জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ রাখা হয়েছে।এ কে এম রহমতউল্লাহর প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতীয় অর্থনীতিতে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার নেতিবাচক প্রভাবে যেখানে উন্নত দেশগুলোর প্রবৃদ্ধি ঋণাত্মক হয়েছে, সেখানে নিজস্ব চেষ্টায় বাংলাদেশ প্রবৃদ্ধির হারকে ধরে রাখতে সক্ষম হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সরকারের আমলে ব্যাংকিং খাতে অনিয়ম ও বিশৃঙ্খলা নিরসনে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংকিং খাতে অনিয়ম সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কৃষি খাতে ঋণ বিতরণে হয়রানি বন্ধে প্রকাশ্যে ঋণ বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।অপর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে বন্ধ ও ক্ষতিগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠান এবং ব্যবসায়ীর খেলাপি ঋণ আবশ্যকীয় ডাউন পেমেন্ট ছাড়াও প্রয়োজনে পুনঃ তফসিলিকরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয়-পর্যায়ে রাখতে ও উত্পাদনশীল খাত সচল রাখতে ব্যাংক সুদের হার সর্বোচ্চ ১৩ ভাগ নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ছাড়াও সারা দেশে জেলা ও উপজেলা-পর্যায়ে আবাসিক প্লট ও ফ্ল্যাট নির্মাণের কার্যক্রম নেওয়া হয়েছে। রাজশাহী, চট্টগ্রাম ও খুলনায়ও সরকারি গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। কক্সবাজারের সাংসদ লুত্ফর রহমানের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, গ্রামীণ অবকাঠামো ও রাস্তাঘাট উন্নয়নের জন্য চার হাজার ৬৯১ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। স্থানীয় সাংসদের অগ্রাধিকার তালিকার ভিত্তিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করবে।