ঢাকার চারপাশে ছয়টি স্থানে অবরোধের প্রস্তুতি হেফাজতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ মে ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি সফল করতে বিভিন্ন প্রস্তুতি নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ওই দিন সকাল ছয়টা থেকে রাজধানীর চারপাশের ছয়টি জায়গায় সমবেত হবে তারা। এ বিষয়ে জানাতে আজ বেলা ১১টায় লালবাগ মাদ্রাসায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।হেফাজতে ইসলামের দায়িত্বশীল সূত্র জানায়, যাত্রাবাড়ী থেকে কাঁচপুর সেতু, যাত্রাবাড়ী থেকে ডেমরা সেতু, পোস্তগোলা বুড়িগঙ্গা সেতু, পুরান ঢাকার বাবুবাজার সেতু, আবদুল্লাহপুর-টঙ্গী ব্রিজ ও আমিনবাজারের বলিয়ারপুর—ঢাকার প্রবেশমুখের এ ছয়টি জায়গায় অবরোধ কর্মসূচি চলবে। তবে এ কর্মসূচি কতক্ষণ চলবে, গতকাল পর্যন্ত তা ঠিক হয়নি।হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী চিড়া-মুড়ি, শুকনো খাবার, জায়নামাজ ও তসবিহ নিয়ে অবরোধ কর্মসূচিতে শরিক হতে নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন। কোনো বিশৃঙ্খলা না করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে বলা হয়েছে। অবরোধ কর্মসূচিতে লাখো মানুষের সমাবেশ ঘটাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল থেকেই ঢাকার বাইরে থেকে লোকজন আসতে শুরু করেছে বলে আয়োজকেরা জানিয়েছেন।এ কর্মসূচি নিয়ে গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, হেফাজতকে রাজধানীর ভেতরে কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না। পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, অবরোধ কর্মসূচি নিয়ে হেফাজতের নেতাদের সঙ্গে পুলিশের কথা হয়েছে। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কর্মসূচি পালন করতে সম্মত হয়েছেন হেফাজতের নেতারা। পুলিশের ওই সূত্র বলছে, বিএনপি ও জামায়াতের কিছু নেতা চান, হেফাজতের সমাবেশ কয়েক দিন ধরে চলুক। কিন্তু হেফাজতের মূল নেতৃত্ব তা চায় না।জানতে চাইলে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির প্রচার বিভাগের প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াছেল প্রথম আলোকে বলেন, অবরোধ কর্মসূচি সফল করতে ভোর থেকে নেতা-কর্মীরা রাস্তায় অবস্থান নেবেন। কর্মসূচি কখন শেষ হবে, তা ওই দিনই ঘোষণা করা হবে।অবরোধ কর্মসূচির আগে আজ শুক্রবার জুমার নামাজের পর সারা দেশের সব মসজিদ থেকে মিছিল বের করার কর্মসূচি রয়েছে। বিকেলে রাজধানীর তেজগাঁও নাবিস্কো মোড়ে, বাসাবো খেলার মাঠ, কামরাঙ্গীরচর মাদ্রাসা মাঠ ও মাওয়া সড়কের কুচিয়া কলেজ মাঠে সমাবেশ হবে। এ ছাড়া গতকাল কাকরাইল দারুল উলুম মাদ্রাসা ও নারিন্দা সাদেক হোসেন খোকা মাঠে ওলামা মাশায়েখ সম্মেলন হয়।