ঢাকার চারপাশের নদীগুলো উপযোগিতা হারিয়ে ফেলেছে
কয়েক দশকের ব্যবধানে ঢাকার চারপাশের নদীগুলো উপযোগিতা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন পরিবেশবাদীরা। নদীর পানি ব্যবহারের অনুপযোগী হওয়ায় প্রয়োজন মেটাতে নির্বিচারে ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হচ্ছে। ফলে ভূগর্ভস্থ পানির স্তর প্রতিবছর ১০ ফুট করে নেমে যাচ্ছে।
কামরাঙ্গীরচরে গতকাল শুক্রবার বিশ্ব পানি দিবস নিয়ে এক আলোচনায় পরিবেশবাদীরা বলেন, পরিস্থিত উত্তরণে এবং পানিসংকট মোকাবিলায় ঢাকার চারপাশের নদীগুলো দখল-দূষণমুক্ত করতে হবে। পরিবেশ আন্দোলন মঞ্চ, স্বপ্নের সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং এএলআরডি ফাউন্ডেশন নামে কয়েকটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের ফলে ঢাকার চারপাশের নদীর পানি স্বাভাবিক গুণাগুণ হারিয়ে ফেলেছে। ঢাকায় প্রাকৃতিক পানির উৎস এখন নেই বললেই চলে। কিন্তু মানুষ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সুপেয় পানির চাহিদা। ভয়াবহ দূষণের ফলে চারপাশের নদীগুলোতে অক্সিজেনের মাত্রা শূন্যের কোঠায় চলে গেছে। এর ফলে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগের পানির দূষণ মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বুড়িগঙ্গা রিভার কিপার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক শরীফ জামিল, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাইদ রানা, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সহসম্পাদক মো. সেলিম, স্বপ্নের সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক উম্মে সালমা প্রমুখ। বিজ্ঞপ্তি