ঢাকার জনজীবন প্রায় স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের পঞ্চম দফা অবরোধের তৃতীয় দিনে ঢাকায় মানুষ ও যান চলাচল বেড়েছে। কাঁচাবাজার, শপিং মল ও ফুটপাতে ক্রেতা ছিল শনি ও রোববারের তুলনায় বেশি। রাজধানীতে কোনো নাশকতার খবর মেলেনি। তবে মিরপুর থেকে পুলিশ পাঁচ শিবিরকর্মীকে আটক করেছে।
রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কয়েকটি স্থানে সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে। যাত্রাবাড়ীতে গণপরিবহনে তল্লাশি করতেও দেখা যায় তাদের। বেশির ভাগ গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়কে র‌্যাব-পুলিশের বাড়তি সতর্কতা ছিল।
শিবিরের পাঁচ কর্মী আটক: নাশকতা চালানোর চেষ্টাকালে মিরপুরের কাজীপাড়ায় মাতব্বরের পুকুরপাড় থেকে শিবিরের চার কর্মীকে আটক করেছে পুলিশ। পিকেটিং করার উদ্দেশ্যে তাঁরা সকাল সাড়ে সাতটায় মাতব্বরের পুকুরপাড়ে জড়ো হলে সাদা পোশাকে থাকা পুলিশের সদস্যরা তাঁদের আটক করেন। শিবিরের কর্মীদের সঙ্গে থাকা দুটি ককটেল ও বাসে ছোড়ার জন্য নেওয়া ইট জব্দ করা হয়।
আটককৃতদের মধ্যে একজন শামীম আহমেদ ১৬ নম্বর ওয়ার্ড শিবিরের সভাপতি। বাকি তিনজন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখা ছাত্রশিবিরের সদস্য। পরে বেলাল হোসেন নামের শিবিরের আরও এক কর্মীকে আটক করা হয়।
ত্যক্তবিরক্ত মানুষ: গতকাল সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী থেকে দূরপাল্লার কিছু বাস পুলিশি পাহারায় ছেড়ে গেছে। বিআরটিসির কিছু বাসও ঢাকা থেকে ছেড়ে যায়। শহরের ভেতরে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল করেছে নির্বিঘ্নে। টানা অবরোধে ত্যক্তবিরক্ত ও ক্ষুব্ধ সাধারণ মানুষও ঘর থেকে নিজেদের কাজে বেরোতে শুরু করেছে। এ জন্য গতকাল প্রধান সড়কগুলোর ট্রাফিক সিগন্যালগুলোতে গাড়ির চাপ ছিল বেশি।
অবরোধে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ছিল অবরুদ্ধ। সেখানে কোনো নেতা-কর্মীকে আসতে দেখা যায়নি। কার্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। তবে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। সেখানে নেতা-কর্মীদের উপস্থিতি ছিল। অবরোধবিরোধী কিছু মিছিলও করেছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
যাত্রাবাড়ীতে সেনা তল্লাশি: যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নিতে দেখা গেছে। এতে যোগ দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও।
সকাল সাড়ে নয়টায় এই এলাকায় জামায়াত-শিবির ঝটিকা মিছিল বের করলেও পুলিশের সতর্ক টহলের কারণে কোনো ধরনের নাশকতা চালাতে পারেনি।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় পুলিশ ও র‌্যাবের টহল। তেলবাহী লরির নিরাপত্তা দিতে দেখা গেছে সেনাবাহিনীর সদস্যদের। দুপুরের পরে সেনাবাহিনীর সদস্যদের সাইনবোর্ড এলাকায় তল্লাশি চালাতে দেখা যায়।
ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মিনহাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সব ধরনের নাশকতা রোধেই আমরা সতর্ক। এ জন্য অতিরিক্ত টহলও চলছে।’