ঢাকার জন্য একজন 'ভালো কোতোয়াল' দরকার
ঢাকা ঐতিহাসিকভাবেই প্রতিবাদ, হার না মানা ও সংস্কৃতির শহর। অদূর ভবিষ্যতে ঢাকায় বসবাসকারী মানুষের সংখ্যা দ্বিগুণ হবে। কিন্তু সঠিকভাবে পরিকল্পনা না নেওয়া হলে এই নগরায়ণ মানুষের জন্য বিভীষিকায় পরিণত হতে পারে। অন্যদিকে ঢাকা শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর না থাকলে পরিস্থিতির আরও অবনতি হবে। তাই ঢাকার জন্য এখনই একজন ‘ভালো কোতোয়াল’ দরকার।
গতকাল শনিবার ‘বাংলায় নগরায়ণ ও ঢাকা’ শীর্ষক বক্তৃতায় ইতিহাসবিদ ও গবেষক শরীফ উদ্দিন আহমেদ এ মন্তব্য করেন।
এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজক বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সংগঠন ‘রিডিং ক্লাব’। শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এ ক্লাব প্রতি মাসে একটি বিষয়ের ওপর উন্মুক্ত বক্তৃতার আয়োজন করে থাকে। এটি ছিল তাদের নবম আয়োজন।
শরীফ উদ্দিন বলেন, ভৌগোলিকভাবে ঢাকা পূর্ব বাংলার কেন্দ্রে অবস্থিত। এ কারণে সতেরো শতকের প্রথমদিকে ঢাকা মুঘল প্রদেশ বাংলা, বিহার ও ওডিশার রাজধানী হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং পূর্ব ভারতের সবচেয়ে প্রভাবশালী নগরকেন্দ্র হিসেবে গড়ে ওঠে। ঢাকা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায় যখন ব্রিটিশরা ১৭৬৫ সালে ঢাকা দখল করে এবং তাদের স্বেচ্ছাচার ও লোভের শিকার হয়। তবে ভৌগোলিক সুবিধা এবং এর অন্তর্নিহিত লড়াকু চেতনার কারণে ঢাকা ধীরে ধীরে পুনরুজ্জীবিত হয়। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের মাধ্যমে ঢাকা নতুন করে মনোযোগ আকর্ষণ করে। ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তানের রাজধানী হওয়ার ফলে নগর হিসেবে এর সম্ভাবনা উজ্জ্বলতর হয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার পর রাজধানী হিসেবে ঢাকা বিকাশ লাভ করে এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক কেন্দ্রে পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের রাজধানী ঢাকা। এখন ঢাকা মানে কী? ঢাকার সংজ্ঞা ও সীমানা নির্ধারণ করা দরকার। তিনি আরও বলেন, প্রতিটি শহরের সংস্কৃতি রয়েছে। তারপরও কোনো কোনো শহরকে সাংস্কৃতিক, অর্থনৈতিক, ধর্মীয় কিংবা বন্দরকেন্দ্রিক শহর বলা হয়। এ অর্থে ঢাকাকে প্রধানত সাংস্কৃতিক শহর হিসেবে আখ্যা দেওয়া যায়। এ সাংস্কৃতিক শহর ঢাকাকে অংশগ্রহণমূলক ও অসাম্প্রদায়িক চেতনার নগর হিসেবে দেখতে চাই। মোট কথা, ঢাকাই একমাত্র বাঙালির মেগাসিটি। এটিই ঢাকার প্রধান পরিচয়।
অনুষ্ঠানে রিডিং ক্লাবের পরিচালক আরিফ খান বক্তব্য দেন।