ঢাকার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্স চান দুই মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়ররা, যা দুই সিটি করপোরেশন এবং সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের কাজটি করবে। প্রধানমন্ত্রীকে এই টাস্কফোর্সের প্রধান করারও প্রস্তাব দেন দুই মেয়র। প্রধানমন্ত্রীও নীতিগতভাবে এই প্রস্তাবে সমর্থন করেছেন।
গত সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও দক্ষিণের মেয়র সাঈদ খোকন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন। এ সময় এই প্রস্তাব দেন দুই মেয়র। প্রধানমন্ত্রীর কার্যালয় ও দুই মেয়রের দপ্তর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এ ছাড়া ঢাকার দুই মেয়র প্রধানমন্ত্রীকে বলেন, অবৈধ দখল উচ্ছেদ ও নাগরিক সেবা নিশ্চিত করার কাজে সব সময় পুলিশ পাওয়া যায় না। এ জন্য দুই মেয়রের অধীনে সার্বক্ষণিকভাবে ৫০ জন পুলিশ সদস্যের একটি দল গঠনের অনুরোধ করেন। এটিও বাস্তবায়নের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
সূত্র জানায়, হকারদের বিষয়ে প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন, সড়কে যেন কোনো হকার বসতে না পারে, সেটা নিশ্চিত করতে। তবে ফুটপাতের হকারদের পুনর্বাসনের আগে তুলে না দেওয়ার পরামর্শ দেন। এ ক্ষেত্রে হকারদের জন্য সন্ধ্যাকালীন ও সাপ্তাহিক বাজার চালু, আয়বর্ধক কার্যক্রম গ্রহণসহ নানা বিকল্প ভেবে দেখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া ঢাকার আশপাশে বর্জ্য ফেলার কারণে পরিবেশদূষণ হচ্ছে জানিয়ে বিকল্প হিসেবে তা পুড়িয়ে ফেলার কৌশল বের করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ প্রসঙ্গে উত্তরের মেয়র আনিসুল হক প্রথম আলোকে বলেন, জলাবদ্ধতা দূর করা, যানজট নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে নানা পরিকল্পনা তুলে ধরেছেন তাঁরা। প্রধানমন্ত্রীও সব ধরনের সহায়তার আশ্বাস দেন। যানজট নিরসনে ‘ইউ লুপ’ নির্মাণের উদ্যোগেরও প্রধানমন্ত্রী প্রশংসা করেন।
দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার লক্ষ্যে শহরের যে বর্জ্যযুক্ত পানি নদীতে পড়ছে, তা শোধনের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। জলাবদ্ধতা ও যানজট নিরসনেও কথা হয়েছে। প্রধানমন্ত্রী এসব বিষয়ে দ্রুত পরিকল্পনা তৈরি করে কাজ শুরু করার তাগিদ দিয়েছেন।