ঢাকার তাঁতীবাজারে আবুল কালাম (২৭) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গতকাল বুধবার বিকেলে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। সন্ত্রাসীরা দোকানে ঢুকে তাঁকে গুলি করে। এ ঘটনার পর ওই এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ১ নম্বর তাঁতীবাজারের বুলিয়ান স্টোর নামের স্বর্ণের দোকানটি আবুল কালামদের। গতকাল বিকেল চারটার দিকে কালাম দোকানে বসে ছিলেন এবং তিনজন কর্মচারী কাজ করছিলেন। তখন হঠাৎ তিনজন সন্ত্রাসী ওই দোকানে ঢুকে কালামের কাছে সিন্দুকের চাবি চায়। তিনি চাবি না দিয়ে সিন্দুক তালাবদ্ধ করলে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে চলে যায়। গুলিটি তাঁর বুকের বাঁ পাশে বিদ্ধ হলে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করেন।নিহত আবুল কালামের বাবার নাম হারুন উর রশিদ। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তাঁদের বাসা ৬৪/১/এ মীর হাজিরবাগে।পথচারী ও কালামকে হাসপাতালে নিয়ে যাওয়া জয়ন্ত কুমার বলেন, ‘খাবার খেতে বাসায় যাওয়ার সময় হঠৎ গুলির শব্দ শুনি। তখন ব্যবসায়ীরা ভয়ে দোকানের শাটার নামাতে থাকেন। অনেকে এদিক-সেদিক দৌড়ে পালিয়ে যান। একটি দোকানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখে ঝুঁকি নিয়ে কয়েকজন মিলে তাঁকে উদ্ধার করি এবং একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে যাত্রীদের নামিয়ে তাঁকে তুলে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। কিন্তু এত চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারলাম না।’