ঢাকার তিন কলেজে অ্যাডহক কমিটি
ঢাকার খ্যাতনামা তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থায়ী পরিচালনা পর্ষদ (অ্যাডহক কমিটি) গঠন করে দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গত মঙ্গলবার এই আদেশ জারি করে বোর্ড। বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন প্রথম আলোকে এ তথ্য জানান।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি করা হয়েছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের একান্ত সচিব (পিএস) নাজমুল হক খানকে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কলেজ) মোল্লা জালাল উদ্দিনকে। আর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সভাপতি করা হয়েছে ঢাকার জেলা প্রশাসককে। ছয় মাসের জন্য করা এই কমিটিগুলো চার সদস্যের। কমিটিতে অধ্যক্ষরা পদাধিকার বলে সদস্যসচিব। হাইকোর্টের রায়ের আলোকে কলেজগুলো সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ও নিয়মিত পর্ষদ গঠনের লক্ষ্যে অ্যাডহক কমিটি গঠন করা হয় বলে আদেশে বলা হয়। এই তিনটি কলেজেই সভাপতি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। কিন্তু আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তিনি কমিটি থেকে বাদ পড়েন।