ঢাকার দিকে তাকিয়ে চট্টগ্রামের চামড়া ব্যবসায়ীরা

কোরবানির পশুর চামড়া সংগ্রহ শেষে এখন নগরের আতুরার ডিপো এলাকার আড়তগুলোতে চলছে লবণ দিয়ে প্রক্রিয়াজাতকরণের কাজ। আজ বুধবার সকাল পর্যন্ত এখানে প্রায় তিন লাখ চামড়া সংগ্রহ করা হয়েছে বলে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে। আরও প্রায় দেড় লাখ চামড়া আসবে বলে তাঁদের আশা। প্রক্রিয়াজাত করার পর ঢাকার ব্যবসায়ীদের অপেক্ষায় থাকবেন এখানকার আড়তদারেরা।
তবে কাঙ্ক্ষিত দর পাবেন কি না, এ শঙ্কাও কাজ করছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। কারণ, এবার মৌসুমি ব্যবসায়ীদের অনেকে বাড়ি বাড়ি গিয়ে বেশি দামে চামড়া সংগ্রহ করেছেন। পরে প্রতিযোগিতামূলক বাজারের কারণে অনেক আড়তদার বেশি দরে মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া কিনতে বাধ্য হয়েছেন। কাঁচা চামড়ার বর্গফুটপ্রতি দর পড়ে গেছে অনেক ক্ষেত্রে ৩৫ টাকা। এরপর লবণ এবং মজুরি মিলে আরও ৮ টাকা বর্গফুটপ্রতি খরচ রয়েছে বলে ব্যবসায়ীরা জানান। তাই পূর্বনির্ধারিত বর্গফুটপ্রতি দর ৪০ টাকার বেশি পড়েছে।
জানতে চাইলে চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেকান্দর বলেন, ‘মৌসুমি ব্যবসায়ীরা বেশি দামে চামড়া সংগ্রহ করেছেন। এখন প্রতিযোগিতামূলক বাজার এবং চামড়া নষ্ট হবে, এ আশঙ্কায় আমাদের অনেকে বাড়তি দামে চামড়া কিনেছেন। ঢাকার ব্যবসায়ীরা যদি ৪০ টাকার বেশিতে না কেনেন, তাহলে অনেকের লোকসান হবে।’
জানা গেছে, সম্প্রতি চামড়া ব্যবসায়ীদের তিন সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হাইড মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে। ঢাকার বাইরে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দর নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা।
সরেজমিনে আতুরার ডিপো চামড়ার আড়তে গিয়ে দেখা গেছে, শ্রমিকেরা চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এখানকার প্রায় ২০০টি আড়তে চলছে চামড়া প্রক্রিয়াজাতকরণ। চামড়ায় লেগে থাকা মাংস পরিষ্কার করে দ্রুত লবণ দিচ্ছেন শ্রমিকেরা। দূর দূরান্ত থেকে কিছু লবণযুক্ত চামড়াও বুধবার আসতে শুরু করেছে।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৪০ বর্গফুট আয়তনের বড় চামড়া ক্ষেত্রবিশেষে ১ হাজার ৪০০ টাকায়ও কিনতে হয়েছে তাঁদের। মুনীর নামে এক আড়তদার বলেন, ‘মৌসুমি ব্যবসায়ীদের অনেকে বেশি দামে চামড়া কিনে আমাদের সমস্যায় ফেলেছেন। আমরাও আগে থেকে শ্রমিক এবং লবণ কিনে রেখেছি। এখন যদি চামড়া না কিনি, তাহলে শ্রমিকেরা বসে থাকবেন। তাই কিছু বেশিতে চামড়া কিনতে হয়েছে। কাঁচা চামড়া কিনতেই ৩৫ টাকা পড়েছে অনেক ক্ষেত্রে। এরপর লবণ ও শ্রমিক বাবদ আরও ৮ টাকা যোগ করলে অনেক বেশি খরচ পড়বে। তাই এখন ঢাকার ব্যবসায়ীদের ওপর নির্ভর করছে আমাদের ভাগ্য।’
উল্লেখ্য, পরিবেশদূষণের দায়ে বছর খানেক আগে চট্টগ্রামের দুটি ট্যানারি রিফ লেদার ও মদিনা ট্যানারি বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে চট্টগ্রামের আড়তদারেরা কোরবানিসহ বিভিন্ন পশুর চামড়া বিক্রির জন্য ঢাকার ওপর নির্ভরশীল হয়ে পড়েন।

জানতে চাইলে চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির উপদেষ্টা মুসলিম উদ্দিন বলেন, এখন পর্যন্ত এখানে প্রায় তিন লাখ চামড়া চলে এসেছে। আরও দেড়-দুই লাখ চামড়া বিভিন্ন স্থান থেকে লবণসহ আসবে। ১০ থেকে ১৫ দিন পর ঢাকার ব্যবসায়ীরা এলে চামড়া বিক্রি করা হবে। স্থানীয় দুটি ট্যানারি কারখানা বন্ধ হওয়ায় আমাদের এখন ঢাকার ওপর নির্ভর করতে হচ্ছে।