ঢাকার দুই মেয়র মন্ত্রীর ও নারায়ণগঞ্জের মেয়র উপমন্ত্রীর মর্যাদা পেলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। একই সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে উপমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বলে প্রথম আলোকে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। প্রজ্ঞাপনে বলা হয়, পদমর্যাদার পাশাপাশি বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন এই তিন মেয়র।
তবে অন্য সিটি করপোরেশনগুলোর মেয়রদের পদমর্যাদা দেওয়ার বিষয়ে গতকাল পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
আগে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র মন্ত্রী এবং অন্য সিটি করপোরেশনের মেয়ররা প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেও ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার পর মেয়রদের কোনো পদমর্যাদা দেওয়া হয়নি।