ঢাকার দুই সিটি করপোরেশনের বাজেটে করের বোঝা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের সদ্যঘোষিত বাজেটকে ত্রুটিপূর্ণ বলেছে ঢাকা উন্নয়ন আন্দোলন। সংগঠনটি বলেছে, বাজেটে করের বোঝা বাড়ানো হয়েছে এবং দক্ষিণে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর জের পড়বে ভাড়াটেদের ওপর।জাতীয় প্রেসক্লাবে গতকাল শুক্রবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও পর্যালোচনা অনুষ্ঠানে সংগঠনটি এসব কথা বলে। সংবাদ সম্মেলনে দ্রুত সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের এবং নিয়ম অনুযায়ী সিটি করপোরেশনের প্রশাসকদের সম্পদের হিসাব জমা নেওয়ার দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঢাকা উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। সংবাদ সম্মেলনে বলা হয়, সিটি করপোরেশনে নিযুক্ত প্রশাসকেরা যেহেতু সরকারি চাকরি করেন, তাই জনগণের কাছে তাঁদের কোনো দায়বদ্ধতা নেই। সে কারণেই নগরবাসী তাদের অধিকার অনুযায়ী নাগরিক সেবা পাচ্ছে না। সরকারি দল নির্বাচনে জয়ী হতে পারবে না জেনেই প্রশাসক নিয়োগ দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ডিসিসিতে যিনি মেয়র হন কিংবা নির্বাচন করেন, তাঁদের সম্পদের হিসাব দিতে হয়। সরকারি কর্মকর্তা হলেও, প্রশাসকদেরও সম্পদের হিসাব দেওয়া উচিত। সে অনুযায়ী ডিসিসি দক্ষিণের প্রশাসক মো. জিল্লার রহমান এবং উত্তরের প্রশাসক মো. শাহজাহান আলী মোল্লা সম্পদের হিসাব দিতে বাধ্য।ঢাকার দুই সিটি করপোরেশনের সদ্যঘোষিত বাজেট পর্যালোচনা করে সংবাদ সম্মেলনে বলা হয়, এই বাজেটে নাগরিকদের ওপর করের বোঝা বাড়ানো হয়েছে। এ দুই বাজেট জাতীয় বাজেটের মতো কল্পনাবিলাসী। দুই ডিসিসির সম্মিলিত বাজেট অবিভক্ত ডিসিসির গত বছরের বাজেটের তুলনায় প্রায় এক হাজার ৩২ কোটি টাকা বেশি। এবার দক্ষিণে এক হাজার ৭৮১ কোটি টাকার এবং উত্তরে এক হাজার ৯৬৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। গত বছর ঢাকা সিটি করপোরেশনকে উত্তর ও দক্ষিণ—এ দুই ভাগে বিভক্ত করা হয়। এ দুই সিটি করপোরেশনে গত ৪ ডিসেম্বর প্রথম দফায় এবং ৩১ মে দ্বিতীয় দফায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়।সংবাদ সম্মেলনে ডিসিসি দক্ষিণে হোল্ডিং ট্যাক্স ১০ শতাংশ বাড়ানোর সমালোচনা করে বলা হয়, এতে বাড়ির মালিকদের ওপর বাড়তি চাপ পড়বে এবং এর জের পড়বে ভাড়াটেদের ওপর। ডিসিসি দক্ষিণে উন্নয়ন খাতে এক হাজার ৫১৬ দশমিক ৫৩ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনাতেও স্বচ্ছতা নেই। সরকারদলীয় নেতা-কর্মীদের লুটপাটের সুযোগ করে দিতেই এই বাজেট।