ঢাকার দুই সিটি নির্বাচনের জন্য টাকা চেয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার মন্ত্রণালয় সীমানা জটিলতা নিরসন করে দিলে আগামী জুনের মধ্যে ঢাকার দুই সিটিতে নির্বাচন করতে হতে পারে। এই চিন্তাভাবনা থেকে ইসি সচিবালয় অর্থ বিভাগের কাছে ৪৫ কোটি টাকা চেয়ে চিঠি দিয়েছে। গতকাল রোববার ইসি সচিবালয় থেকে এই চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।
২০০৭ সালে মেয়াদ উত্তীর্ণ হলেও ইসি ঢাকা সিটিতে নির্বাচন করতে পারেনি। ২০১১ সালের ৩০ নভেম্বর সরকার ঢাকা সিটিকে দুই ভাগে ভাগ করে। এরপর সীমানা জটিলতার কারণে ইসি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে এত দিন নির্বাচন করেনি।
গতকাল স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন প্রথম আলোকে বলেন, ঢাকার দুই সিটির সীমানা নির্ধারণের কাজ এগিয়ে চলছে। সর্বোচ্চ দেড় থেকে দুই মাসের মধ্যে এ কাজ শেষ হয়ে যাবে। সে ক্ষেত্রে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানে আর কোনো জটিলতা থাকবে না।
ইসি সচিবালয় সূত্র জানায়, পাঠানো চিঠিতে বলা হয়েছে যে সরকার ঢাকার দুই সিটির সীমানা জটিলতা নিরসন করলে চলতি ২০১৪-২০১৫ অর্থবছরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে নির্বাচন হতে পারে। এ নির্বাচন পরিচালনার জন্য আরও ৪৫ কোটি টাকার প্রয়োজন হবে।
সরকারের চলতি বাজেটে নির্বাচন পরিচালনার জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া আছে।
ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, ৩১ জানুয়ারি হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত হবে। সে ক্ষেত্রে মে-জুনের মধ্যে ঢাকার দুই সিটিতে নির্বাচন হতে পারে। তফসিল ঘোষণা হতে পারে মার্চের শেষ অথবা এপ্রিলের শুরুতে। একই সময়ে চট্টগ্রাম সিটির নির্বাচনও হওয়ার কথা।