ঢাকার দুই সিটিতে আবার প্রশাসক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে আবারও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মো. আলমগীরকে দক্ষিণ সিটি করপোরেশনে ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম শিকদারকে উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত রোববার এ বিষয়ে আদেশ জারি করলেও গতকাল মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।
এদিকে দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক মোহাম্মদ নজমুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং উত্তর সিটির প্রশাসক আখতার হোসেন ভূঁইয়াকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
আইন অনুযায়ী নির্বাচিত মেয়র দায়িত্ব না নেওয়া পর্যন্ত প্রশাসকেরা সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন। কিন্তু তাঁদের মেয়াদ ১৮০ দিন। ২০১১ সালে ঢাকা সিটি করপোরেশন দুই ভাগ হওয়ার পর নির্বাচন না হওয়ায় এ পর্যন্ত পাঁচ দফায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়। অবশ্য এর মধ্যে দুজনকে নিয়োগ দেওয়ার পরপরই ওই আদেশ পরিবর্তন করা হয়।