ঢাকার দুই সিটিতে নতুন প্রশাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি অধিদপ্তরের মহাপরিচালক, দুই ঢাকা সিটি করপোরেশনের প্রশাসক ও ১০ জেলা প্রশাসকসহ (ডিসি) জনপ্রশাসনের বিভিন্ন পদে বেশ কিছু রদবদল করা হয়েছে।গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়। এর মধ্যে ঢাকা দক্ষিণের প্রশাসক করা হয়েছে উত্তর সিটি করপোরেশনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামকে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহমুদ রেজা খানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে। দক্ষিণের বর্তমান প্রশাসক জিল্লার রহমানকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এবং উত্তরের প্রশাসক শাহজাহান আলী মোল্লাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। এই দুজন গত ৩১ মে নিয়োগ পেয়েছিলেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্রমতে, সিটি করপোরেশন আইন অনুযায়ী প্রশাসকদের মেয়াদ ১৮০ দিন। দুই প্রশাসকের এই মেয়াদ শেষ হওয়ার আগেভাগে নতুন প্রশাসক নিয়োগ করা হলো। গত বছরের ২৯ নভেম্বর ঢাকা সিটি করপোরেশন বিভক্তির পর এ নিয়ে দুই দফায় প্রশাসক বদল হলো। বিজিবির নতুন মহাপরিচালক (ডিজি) করা হয়েছে মেজর জেনারেল আজিজ আহমদকে। বর্তমান ডিজি মেজর জেনারেল আনোয়ার হোসেনকে সশস্ত্র বাহিনীতে প্রত্যর্পণ করা হয়েছে। আনসার ও ভিডিপি অধিদপ্তরের ডিজি হয়েছেন মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন। বর্তমান ডিজি মেজর জেনারেল জাহিদুর রহমানকেও সশস্ত্র বাহিনীতে প্রত্যর্পণ করা হয়েছে। পৃথক আরেক আদেশে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের নতুন সচিব করা হয়েছে বিদ্যুৎ বিভাগের সচিব মো. আবুল কালাম আজাদকে। ১০ জেলায় নতুন ডিসি: আরেক আদেশে ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ করা হয়েছে। নতুন ডিসিদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী আনোয়ারুল হককে গাইবান্ধা, সমাজকল্যাণমন্ত্রীর একান্ত সচিব মনিন্দ্র কিশোর মজুমদারকে হবিগঞ্জে, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাখাওয়াত হোসেনকে ঝালকাঠিতে, নজরুল ইনস্টিটিউটের সচিব মঈনুদ্দীন আহমেদকে রাজবাড়ীতে, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের উপপরিচালক মো. শুকুর আলীকে বাগেরহাটে, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. কামরুল হাসানকে মৌলভীবাজারে, চট্টগ্রামের আরপিএটিসির উপপরিচালক মোহাম্মদ ইয়াসিনকে জয়পুরহাটে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. সাইফুল হাসান বাদলকে মুন্সিগঞ্জে, সংসদীয় উপনেতার একান্ত সচিব মো. হাসানুজ্জামানকে ফরিদপুরে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মো. এনামুল হককে নওগাঁর ডিসি করা হয়েছে।অন্যদিকে এসব জেলার বর্তমান ডিসিদের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছে।