ঢাকার দুই সিটির নির্বাচন নিয়ে ঈদের পর সিদ্ধান্ত: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশনে (ঢাকা উত্তর ও দক্ষিণ) নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে রোজার ঈদের পর সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ গতকাল রোববার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। সিইসি বলেন, চার সিটির নির্বাচন হলেও ঢাকার দুই সিটির নির্বাচন এখনো বাকি। এ বিষয়ে ঈদের পর সিদ্ধান্ত হবে। একই সঙ্গে কমিশনকে এখন থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়েও ভাবতে হচ্ছে। ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদ এবং সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ শেষ হয়েছে। যেসব কাজ বাকি আছে, সেগুলোও দ্রুত শেষ করা হবে। আশা করা যায়, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এক প্রশ্নের জবাবে কাজী রকিব উদ্দীন বলেন, কমিশন শতভাগ স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। কমিশনের কাজে এখন পর্যন্ত কোনো ধরনের হস্তক্ষেপ কেউ করেনি। আর কেউ যদি হস্তক্ষেপ করে, সেটা প্রতিহত করা হবে। নির্বাচন কমিশন ২০১২ সালের ২৪ মে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছিল। সীমানা ও ভোটার তালিকা হালনাগাদ না করা-সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নিষেধাজ্ঞার কারণে কমিশন নির্বাচন করতে পারেনি। সর্বশেষ স্থানীয় সরকার মন্ত্রণালয় গত মে মাসে ঢাকার দুই সিটিতে নির্বাচনের অনুরোধ জানিয়ে কমিশনকে চিঠি দেয়। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডের সীমানা জটিলতার (সুলতানগঞ্জ ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা নিয়ে) কারণে কমিশন নির্বাচন করেনি। কমিশন ৫৭ নম্বর ওয়ার্ডের এলাকাভিত্তিক সীমানা বিন্যাস করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।