প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।সিইসি বলেন, ২৯ মের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের ব্যাপারে আইনি বাধ্যবাধকতা রয়েছে। সুতরাং এপ্রিলের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করতে হবে। তিনি বলেন, নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।নির্বাচনে সেনা মোতায়েন হবে কি না, জানতে চাইলে কাজী রকিব বলেন, সে বিষয়ে নির্বাচনের আইনশৃঙ্খলা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে তিনি জানান, ডিসিসির দুই ভাগে ২০ হাজার ভোট কক্ষের মধ্যে প্রায় এক হাজার কক্ষে ইভিএম ব্যবহার করা হতে পারে।